চাল ২৫ ও ধানের দর কেজিপ্রতি ১৭ টাকা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে সরকার ১১ লাখ টন চাল ও দেড় লাখ টন ধান সংগ্রহ করবে। প্রতি কেজি চাল ২৫ টাকা এবং ধান কেনা হবে ১৭ টাকায়। চালের আকারে সব মিলিয়ে সংগ্রহের পরিমাণ দাঁড়াবে ১২ লাখ টন। ১ মে থেকে শুরু হয়ে ক্রয় কার্যক্রম চলবে ৩০ আগস্ট পর্যন্ত।গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুখ খান এবং সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা এবং চালের উৎপাদন খরচ ২১ টাকা ৬৫ পয়সা। গত বছর প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ছিল ১৩ টাকা ২১ পয়সা এবং চালের ছিল ২১ টাকা ১৬ পয়সা। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারদর পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, গতবারের তুলনায় এবার ক্রয়মূল্য বেশি রাখা হয়েছে উপাদন খরচ বেড়েছে বলেই। নতুন ক্রয়মূল্যের কারণে কৃষকেরা চালের ক্ষেত্রে ১৫ দশমিক ৪৭ শতাংশ এবং ধানে ২৭ দশমিক ৫৩ শতাংশ মুনাফা পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধান-চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবার এক কোটি ৯০ লাখ টন বোরো উৎপাদন হবে বলে তিনি আশা করেন।