চালক আজমের পরিবারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক মো. আজম খানের পরিবারের সদস্যদের মুঠোফোনে একাধিক নম্বর থেকে হত্যা কিংবা গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আজম খানের বড় ভাই চাঁদপুরের মতলব সদর বাজারের মুদির দোকানদার মো. শাহ আলম খান প্রথম আলো ডটকমের কাছে আজ বুধবার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।আজ বুধবার একটি জাতীয় দৈনিকে বিভ্রান্তিকর ও ভুল সংবাদ ছাপানোর পর সকাল থেকেই তাঁর মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে অন্তত ৪০ বার ফোনে হুমকি দেয় বলে অভিযোগ করেন শাহ আলম খান। তিনি বলেন, ফোনে তাঁকে এ বলে হুমকি দেওয়া হয়, ‘আলী আজম নাকি তোদের হেফাজতে আছে। সে কোথায় এখনই আমাদের বল। নইলে তোকে এবং তোর পরিবারের সদস্যদের চোখ বেঁধে গুম করে ফেলব। তোদের ধরে এনে সাইজ করলেই আজমের ব্যাপারে সব তথ্য বের হবে। এটি আমাদের কয়েক মিনিটের ব্যাপার।’শাহ আলম আরও বলেন, ‘প্রকৃতপক্ষে আজম কোথায় আমরা তা জানি না। সে বেঁচে আছে না মরে গেছে, তাও জানি না। ৯ এপ্রিল রাত দুটায় আমার সঙ্গে এবং ১০ এপ্রিল সকাল ১০টায় আমার বোন সালমা বেগমের সঙ্গে ফোনে একবার তার যোগাযোগ হয়। এর পর থেকে তার অবস্থান সম্পর্কে আমরা জানি না।’ তিনি দুঃখ করে বলেন, ‘সে আমাদের হেফাজতে আছে, ভালো আছে অথবা পালিয়ে বেড়াচ্ছে—এমন ধরনের কোনো কথা আমরা কোনো সাংবাদিককেই বলিনি। ওই পত্রিকার সাংবাদিক আমাদের কথা উল্লেখ করে যে তথ্য দিয়েছে, তা বানোয়াট এবং এ সংবাদ প্রকাশের পরই আমি এবং আমার গোটা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সরকারের কাছে আজম এবং আমাদের পরিবারের সবার নিরাপত্তা চাই।’হত্যার হুমকি দেওয়ার পরও থানায় কোনো জিডি করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজমের স্ত্রী স্বপ্না আক্তার ঢাকা থেকে বাড়িতে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।জানতে চাইলে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘চালক আজমের পরিবার থেকে এখনো কোনো নিরাপত্তা চাওয়া হয়নি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করতেও কেউ আসেনি।’