মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত ১২ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সহিদুর রহমান জানান, বাসচালক দীপু মিয়া ও তাঁর সহকারী কাসেম মিয়ার জবানবন্দি, ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়। রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তা দাখিল করা হয়েছে। আদালত ১২ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করেন।গত ২৪ জানুয়ারি মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাকশ্রমিক ওই তরুণী (১৮) ধর্ষণের শিকার হন। ওই রাতেই তরুণী নিজে বাদী হয়ে দীপু ও কাসেমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তার হওয়ার পর দীপু ও কাসেম দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দুজনেই বর্তমানে জেলহাজতে আছেন।