চালক ও সহকারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার সাভার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে কুষ্টিয়াগামী রডবোঝাই ট্রাকের চালক ও সহকারীর হাত-পা বাঁধা লাশ মিলল সাভারের কর্ণপাড়া খালে।গতকাল শনিবার বিকেলে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে ট্রাকটি ছিনতাই হয়। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক আবদুল মজিদ (২৭) ও চালকের সহকারী (হেলপার) সাইদুল ইসলাম (২২)। দুজনেরই বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়া গ্রামে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ডাকাতদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য নিয়েই কর্ণপাড়া খাল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।সাভার থানার পুলিশ ও ঢাকা মহানগর ডিবি সূত্র জানায়, মজিদ ও সাইদুল তাঁদের ট্রাকে (কুষ্টিয়া-ট-১১-১২৩১) ২০ টন রড নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। রাত তিনটার দিকে তাঁরা রাজধানীর দারুসসালাম থানা এলাকায় পৌঁছালে একদল ডাকাত একটি খালি ট্রাক দিয়ে তাঁদের গতিরোধ করে। এরপর মজিদ ও সাইদুলকে নামিয়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ত্রিপল দিয়ে পেঁচিয়ে খালি ট্রাকে তুলে সাভারের দিকে নিয়ে যায় ডাকাতদের কয়েকজন। বাকিরা রডবোঝাই ট্রাকটি চালিয়ে নিয়ে যায়।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা জানান, রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের পর ডিবি গতকাল পর্যন্ত ডাকাত দলের নয়জনকে আটক করেছে।আটক ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ডিবির একজন কর্মকর্তা বলেন, সাধারণত ডাকাতেরা ঘুমের ওষুধ সেবন করিয়ে চালক ও সহকারীকে রাস্তার পাশে ফেলে যায়। কিন্তু এই ডাকাতেরা হাতের কাছে ঘুমের ওষুধ না পেয়ে চালক ও সহকারীকে হাত-পা বেঁধে জীবিত অবস্থায় সাভারের কর্ণপাড়া সেতুর ওপর থেকে পানিতে ফেলে দেয়।