চালক গ্রেপ্তার, সন্দেহে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের ‘অপমৃত্যু’ মামলার বাদী ও ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন এবং সাংসদের ব্যক্তিগত সহকারী সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার তাঁদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে এনে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন সাংসদ নিজেও। আওয়ামী লীগের এই সাংসদ সরকারের হস্তক্ষেপে মালিবাগ হত্যাকাণ্ড থেকে রেহাই পেলেও এবার নিজ দলীয় কর্মী ইব্রাহিম হত্যা মামলায় জড়িয়ে পড়ছেন। যদিও সরকারি দলের একটি অংশ তাঁকে রক্ষায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে মালিবাগে বিএনপির মিছিলে গুলি চালালে চারজন নিহত হন। ওই মিছিলে অস্ত্রধারী ক্যাডারদের সঙ্গে নুরুন্নবীও ছিলেন। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান জানান, শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় বাদীর বিবরণ ও জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে গরমিল থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলাটি সক্রিয় হলে সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সাংসদ নুরুন্নবী সন্দেহমুক্ত নন। ১৩ আগস্ট সংসদ ভবনে তাঁর গাড়িতে তাঁরই পিস্তলের গুলিতে নিহত হন ইব্রাহিম। কিন্তু ঘটনার দিন ইব্রাহিমের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্যক্তিগত সহকারীকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর তিনি আত্মগোপনে থেকে গাড়িচালককে দিয়ে অপমৃত্যুর মামলা করান। থানার পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ মামলাটি তদন্ত করছে। তবে অভিযোগ উঠেছে, সরকারদলীয় এ সাংসদকে রক্ষায় রাজনৈতিক তৎপরতা চলছে। ঘটনার পর থানায় যে অপমৃত্যু মামলা হয়, সেটা পুলিশ গ্রহণ করে চাপের মুখে।সাংসদ নুরুন্নবী প্রথম আলোর প্রশ্নের জবাবে এ ঘটনায় তাঁর নিজের জড়িত থাকার বিষয়ে স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। শুধু বলেছেন, ‘এ ঘটনার তদন্ত হচ্ছে। এ মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো কিছুই তাঁদের কাছে পরিষ্কার নয়। তিনি সুষ্ঠু তদন্ত দাবি করছেন।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ইব্রাহিমের মৃত্যুর ঘটনার তদন্তের পর তাঁরা নিশ্চিত হয়েছেন, এটি হত্যাকাণ্ড। যেভাবে গুলিটি ইব্রাহিমের শরীর বিদ্ধ করেছে, তা কোনোভাবেই দুর্ঘটনার ঘটনা নয়। এখন এ ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হবে। ইব্রাহিমের মৃত্যুর পর শেরেবাংলা নগর থানায় যে অপমৃত্যু মামলা হয়েছে, সে ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য আদালতের নির্দেশ রয়েছে। ইব্রাহিমের ভাই মাসুম আহমেদের দায়ের করা নালিশি মামলার পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে এ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ৮ আগস্ট মাসুম আহমেদ সাংসদ নুরুন্নবীসহ আটজনকে আসামি করে মামলাটি করেন।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, এ ঘটনা নিয়ে শেরেবাংলা নগর থানায় করা অপমৃত্যুর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আদালতে করা নালিশি মামলাটি কার্যকর হবে। আদালতে দায়ের করা অভিযোগ অনুযায়ী সাংসদও এ মামলার আসামি হবেন।ইব্রাহিমের মৃত্যুর পর তাঁর শরীর থেকে বুলেট উদ্ধার, শরীর থেকে রক্ত সংগ্রহ, গাড়ি থেকে রক্তের দাগ সংগ্রহ, রক্তের ডিএনএ টেস্টের আবেদন, অস্ত্র, গুলি ও দুটি গাড়ি জব্দ, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট নয়জনের সাক্ষ্য গ্রহণসহ বিস্তারিত বিবরণ আদালতে দেওয়া হয়েছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোট চারটি প্রশ্ন সামনে রেখে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। এর তিনটির জবাব ইতিমধ্যে মিলে গেছে। অস্ত্রটি কার হাত দিয়ে ব্যবহূত হয়েছে—সেই প্রশ্নের জবাব এখনো মেলেনি। এটাই এখন তদন্তের মূল প্রশ্ন।গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, তাঁদের সামনে প্রশ্ন ছিল, ঘটনাস্থল জাতীয় সংসদ ভবন এলাকা কি না। দ্বিতীয় প্রশ্ন, ঘটনা গাড়িতেই ঘটেছে কি না, তৃতীয় প্রশ্ন, সাংসদের যে অস্ত্রটি জব্দ করা হয়েছে, সেই অস্ত্রের গুলিতে ইব্রাহিম মারা গেছেন কি না। এসব প্রশ্নের সঠিক জবাব তাঁরা পেয়েছেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, ইব্রাহিম সংসদ ভবন এলাকায় সাংসদের পিস্তলের গুলিতেই নিহত হয়েছেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন ও সিআইডির অস্ত্র পরীক্ষার প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়েছে। আবার ইব্রাহিম সাংসদের গাড়ির ভেতরে নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে এ হত্যাকাণ্ড সাংসদের কক্ষে হয়েছে বলে নানা মহল থেকে শোনা গেলেও তার কোনো সত্যতা পায়নি পুলিশ। সাংসদের গাড়ি ও অস্ত্রটি পুলিশ ইতিমধ্যে জব্দ করেছে।পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্রটি কে ব্যবহার করেছিল, সে বিষয়েই এখন মূল তদন্ত চলছে। এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে পুলিশ সাংসদের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে জিজ্ঞাসাবাদ করে একেক সময় একেক ধরনের উত্তর পায়। এ জন্য বিষয়টি নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। তাঁরা জানান, ১৩ আগস্ট ইব্রাহিমের মৃত্যুর পর সাংসদ নুরুন্নবীর চালকের করা অপমৃত্যুর মামলায় বলা হয়, সংসদ এলাকায় সাংসদের গাড়ির ভেতরে ইব্রাহিম গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, ইব্রাহিম গুলিবিদ্ধ হন ইফতারের আধা ঘণ্টা আগে। কিন্তু তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় রাত পৌনে আটটার দিকে। মাঝে তাঁকে সদরঘাটের সুমনা ক্লিনিকে নেওয়া হয়েছিল। পুলিশের সন্দেহ, ঘটনাটি আড়াল করার চেষ্টা করতে ইব্রাহিমকে সদরঘাটে নেওয়া হয়।সুমনা ক্লিনিকে খোঁজ করে জানা যায়, ক্লিনিকের ভর্তির খাতায় ওই দিন ইব্রাহিম নামে কোনো রোগীর নাম নেই। তবে জরুরি বিভাগে তাঁকে আনা হয়েছিল। সাংসদের পরিচিত চিকিৎসক থাকায় ইব্রাহিমকে সেখানে নেওয়া হয় বলে চালক পুলিশকে জানিয়েছেন।তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, ইব্রাহিম গাড়িতে গুলিবিদ্ধ হওয়ার পর যুবলীগের কর্মী মিঠু, সাংসদের ব্যক্তিগত সহকারীসহ চার-পাঁচজন সেখানে দৌড়ে আসেন। আহত ইব্রাহিমকে সাংসদের গাড়ি থেকে মিঠুর মাইক্রোবাসে তুলে হাসপাতালে নিয়ে যান সাংসদের ব্যক্তিগত সহকারী সোহেল।সাংসদ নুরুন্নবী পুলিশকে জানান, ঘটনার পরপর তিনি হাসপাতালে যাওয়ার জন্য আর গাড়িচালককে খুঁজে পাননি। পরে ফোন করে জানতে পারেন, তাঁর গাড়িচালক আহত ইব্রাহিমকে হাসপাতালে পাঠিয়ে নিজে বাড্ডায় আত্মগোপন করেছেন। এরপর সাংসদ নিজে গাড়ি চালিয়ে বনশ্রী পর্যন্ত গিয়ে চালককে নিয়ে হাসপাতালে যান। সাংসদ হাসপাতালে গিয়ে জানতে পারেন, ইব্রাহিম মারা গেছেন। এরপর তিনি মিঠু, সোহেল ও চালককে নিয়ে চলে আসেন।পুলিশ বলেছে, গাড়িচালকের এজাহারটি টাইপ করা। প্রশ্ন হলো, কে তাঁকে টাইপ করা এজাহার প্রস্তুত করে দিলেন। সাংসদই বা কেন হাসপাতাল থেকে পালিয়ে এলেন। আবার নাম-ঠিকানা জানার পরও কেন ইব্রাহিমের পরিবারকে না জানিয়ে চালককে দিয়ে মামলা করানো হলো।