চালক-ভাড়া আদায়কারী তর্কাতর্কি, গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
‘চালক ও ভাড়া আদায়কারীর মধ্যে চলছিল তুমুল তর্কাতর্কি। চালক বারবার পেছনে ফিরে ভাড়া আদায়কারীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়িকে (চলাচলের অযোগ্য পুরাতন জিপ গাড়ি) পাশ কাটাতে গিয়ে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিজে সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও সহযাত্রীদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি খুব কাছ থেকে।’স্কুলশিক্ষক আমিরুজ্জামান এভাবে দুর্ঘটনার বর্ণনা দেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক সড়কের আনোয়ারা থানাধীন চাতরী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের মধ্যে চালকের সহকারী জয়নাল রহিমও (২৮) আছেন। নিহত অপর ব্যক্তি হলেন: বাঁশখালীর জালিয়াঘাটার বাসিন্দা মোজাহের মিয়ার স্ত্রী রাফিয়া বেগম (৪০)। গাড়ির চালক বাঁশখালী জলদীর বাসিন্দা নাজিম উদ্দিন (৩৫) পালিয়ে গেছেন। বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, ঘটনাস্থলেই জয়নাল রহিম মারা যান। হাসাপাতালে নেওয়ার পথে মারা যান রাফিয়া বেগম। ওই বাসে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাসটি অন্তত ৪০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বাঁশখালী যাচ্ছিল। মাঝপথে পেট্রলপাম্প থেকে তেল কেনা নিয়ে ভাড়া আদায়কারীর সঙ্গে চালকের ঝগড়া বাধে। এ সময় দুজনই বেশ উত্তেজিত ছিলেন। তর্কাতর্কি করায় চালক মনঃসংযোগ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে তাঁরা দাবি করেছেন। দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধারতৎপরতা চালানোর সময় ওই সড়কে তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১২টার দিকে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়।আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ জানান, এ ঘটনায় আহত ১২ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা হলেন: ফরিদুল আলম (৪০), খোরশেদ (২৫), জাহাঙ্গীর (২২), ছাদেকা (১৮), কাওসার (৪৫), রহিমা (৪০), ফজলুল কবির (২৮), সাগরিকা দাশ (৩৫), আমিরুজ্জামান (৫২), নাছিমা আক্তার (৪০), শামসুল আলম (৩৮) ও জসিম (৩২)। অবস্থা গুরুতর হওয়ায় ছয়জনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে জানান, সকাল পৌনে নয়টায় দুর্ঘটনার পর পিএবি সড়কে দফায় দফায় যানজট লাগে। দুপুর ১২টায় উদ্ধারকাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার শিকার বাস ও চাঁদের গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সীতাকুণ্ডে নিহত ১: গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার বাঁশবাড়িয়া এবং পাকা রাস্তার মাথা নামক স্থানে এই দুটি ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাসান (২৮)।পুলিশ জানায়, গতকাল সকালে পাকা রাস্তার মাথায় শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কনটেইনারবাহী লরি একটি প্রাইভেটকারকে চাপা দিলে কারের চালক মো. হাসান গুরুতর আহত হন। অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট ব্যক্তি আহত হয়েছেন। গতকাল ভোররাতে হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রামমুখী বাস ও ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।