চালক-সংকটে রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক লোকোমাস্টার (ট্রেনচালক) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চলাচল স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। সহকারী লোকোমাস্টার পদে নিয়মিত নিয়োগ বন্ধ থাকায় রেলে দক্ষ চালকের অভাব দিন দিন প্রকট হয়ে উঠেছে।এখন চালকসংকটের কারণেও বিভিন্ন ট্রেনের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। এতে রেল খাতে আয়ের প্রধান উৎস মালামাল পরিবহনও কমে গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলে ৩৬৯ পদের বিপরীতে মাত্র ১৪১ জন লোকোমাস্টার কর্মরত আছেন। তাঁদের মধ্যে অবসরে চলে যাওয়া ৬৮ জনকে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম দফায় ২০১০ সালের ৪ নভেম্বর ২০ জন এবং দ্বিতীয় দফায় ৪৮ জন নিয়োগ পান গত বছরের ৮ ডিসেম্বর। সহকারী লোকোমাস্টার থেকে শান্টিং মাস্টার পর্যন্ত ১৪৩টি পদও শূন্য আছে।রেলওয়ে সূত্র জানায়, লোকোমাস্টার হওয়ার বিভিন্ন যোগ্যতার মধ্যে অন্যতম হচ্ছে, শারীরিকভাবে সবল এবং তীক্ষ দৃষ্টিসম্পন্ন হওয়া। বর্তমানে রেলে যে ১৪১ জন লোকোমাস্টার কর্মরত আছেন, তাঁদের প্রত্যেকের বয়স ৫০ পেরিয়ে গেছে। এঁদের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৬৮ জনের গড় বয়স ৫৮ বছরের ওপরে।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা লোকোমাস্টারের সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘চালকসংকটের কারণে ট্রেনের সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। যাত্রীবাহী ট্রেনের সূচি ঠিক রাখার জন্য বাধ্য হয়ে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছি। তবে মালবাহী ট্রেনের সূচি ঠিক রাখা যাচ্ছে না। অথচ মালামাল পরিবহনই রেলের প্রধান আয়ের উৎস।’সংকট থেকে উত্তরণের জন্য ইউসুফ আলী মৃধা জরুরি ভিত্তিতে আরও ৬০০ সহকারী লোকোমাস্টার নিয়োগের প্রস্তাব দেন। তিনি বলেন, এখন নিয়োগ দেওয়া হলে ১২ বছর পর রেলওয়ে দক্ষ লোকোমাস্টার পাবে।রেলের সূত্রগুলো জানায়, সর্বশেষ গত সেপ্টেম্বরে রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়, যাঁরা দুই বছরের প্রশিক্ষণের পর দ্বিতীয় গ্রেডের সহকারী লোকোমাস্টার হিসেবে পদায়িত হবেন। ধাপে ধাপে আরও ১০ বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারলেই তাঁরা কেবল পরিপূর্ণ লোকোমাস্টার হতে পারবেন।রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৯৪-৯৫ অর্থবছরে রেলওয়ে পূর্বাঞ্চল ১৩ লাখ ৭২ হাজার মেট্রিক টন মালামাল এবং ১২ লাখ ৯৮ হাজার কুইন্টাল পার্শ্বেল পরিবহন করে। মালগাড়ির সূচি ঠিক রাখতে না পারায় ২০১০-১১ অর্থবছরে মালামাল ও পার্শ্বেল পরিবহন যথাক্রমে নয় লাখ ৩৯ হাজার মেট্রিক টন ও আট লাখ ৮৩ হাজার কুইন্টালে নেমে আসে। এতে রেলের আয় কমে যায়।মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এ প্রসঙ্গে বলেন, ‘ইঞ্জিন ও ওয়াগন সমস্যা আমাদের আছে এবং থাকবে। কিন্তু চালকসংকটের কারণে মালামাল নির্দিষ্ট সময়ে গাজীপুর, ঢাকা কিংবা সৈয়দপুরে পাঠাতে পারছি না। কারণ, একজন চালক টানা ১০-১২ ঘণ্টা চালানোর পর ক্লান্ত হয়ে পড়েন। নিরাপদে চালানোর জন্যই তাঁকে বিশ্রাম নিতে হয়। ওই সময় মালামাল ভর্তি ওয়াগন ও ইঞ্জিন কোনো এক স্টেশনে অলস পড়ে থাকে, যে কারণে গন্তব্যে মালামাল পৌঁছাতে তিন-চার দিন বেশি সময় লাগছে।’রেলের প্রকৌশলীরা জানান, একটি ট্রেন চালানোর আগে সংশ্লিষ্ট লোকোমাস্টারের টানা ১০ থেকে ১২ ঘণ্টা বিশ্রামের প্রয়োজন। এখন লোকসংকটের কারণে সেই বিশ্রাম তাঁরা পাচ্ছেন না। গন্তব্যে পৌঁছেই সংশ্লিষ্ট চালককে আবার দেড়-দুই ঘণ্টা পর ফিরতি ট্রেন চালিয়ে আনতে হচ্ছে। প্রকৌশলীরা জানান, গড় বয়স ৪০ বছর হলে চালকেরা শারীরিকভাবে তুলনামূলক সবল থাকেন। এই বয়সের দক্ষ লোকোমাস্টারের প্রকট অভাব রয়েছে রেলওয়েতে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আখতারুজ্জামান হায়দার বলেন, ‘নিয়মিত নিয়োগ বন্ধ বলেই এই সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশ রেলওয়ে। নিয়োগের উদ্যোগ না নিলে দুই-তিন বছর পর সংকট আরও বাড়বে।’রেলওয়ের সূত্রগুলো জানায়, ২০০৩ ও ২০০৪ সালে নিয়োগ পাওয়া ২২০ জন সহকারী লোকোমাস্টারের দক্ষ ও পরিপূর্ণ চালক হয়ে উঠতে আরও অন্তত পাঁচ বছর লাগবে। কারণ, নিয়োগের পর দুই বছর প্রশিক্ষণ শেষে দ্বিতীয় গ্রেডের সহকারী লোকোমাস্টার হন। এর তিন বছর পর তাঁরা প্রথম গ্রেডের সহকারী লোকোমাস্টার হিসেবে পদোন্নতি পান। আরও তিন বছর কাজ করার পর তাঁদের শান্টিং লোকোমাস্টার করা হয়। আরও দুই বছরের অভিজ্ঞতা হলে দ্বিতীয় গ্রেডের লোকোমাস্টার এবং এর দুই বছর পর প্রথম গ্রেডের লোকোমাস্টার হওয়া যায়। দক্ষ ও তীক্ষ দৃষ্টির লোকোমাস্টার কেবল ট্রেন চালানোর ক্ষমতা রাখেন।