চালক সনদসংক্রান্ত তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চালক সনদ পরীক্ষার ফল এখন থেকে অনলাইনে জানা যাবে। আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইনসেবা কার্যক্রমের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিআরটিএর ওয়েবসাইটে (www.brta.gov.bd) সনদ পরীক্ষার তারিখ, স্থান, ফলাফল এবং সনদবিষয়ক তথ্যাদি জানা যাবে। শিক্ষানবিশ সনদধারী চালকেরাও অনলাইনে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এ পদ্ধতিতে পুলিশ চাইলে তাত্ক্ষণিকভাবে অনলাইনে যাচাই করতে পারবে কোনটি ভুয়া সনদ এবং কোনটি সঠিক। সম্প্রতি সনদ পেতে প্রয়োজনীয় ফি ও যানবাহনের কর ও ফি অনলাইনের মাধ্যমে নেওয়া শুরু করেছে বিআরটিএ। বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে সারা দেশে বৈধ সনদ রয়েছে প্রায় আট লাখ। বিআরটিএর ধারণা, অন্তত পাঁচ লাখ চালক অবৈধ সনদ দিয়ে গাড়ি চালাচ্ছেন। অনলাইন কার্যক্রমের উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, এর সুফল বাস্তবায়নের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রায় এক ধাপ অগ্রগতি হলো। তিনি আরও বলেন, এর ফলে বিআরটিএর স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সেবায় গতি আসবে। যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা (ডিএফআইডি) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় অনলাইন কার্যক্রম নেওয়া হয়। এতে কারিগরি সহায়তা দিয়েছে কানেক্ট বিডি লিমিটেড। অনলাইনসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।