চালককে আটকে ট্রেন বন্ধ করে দিয়েছে শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে চালককে তুলে নিয়ে গেছে শিবিরের কর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে ঝাউতলা স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, শাটল ট্রেনটি ঝাউতলা স্টেশনে দুই মিনিটের বিরতি দেয়। এ সময় শিবিরের কর্মীরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন এতে আহত হন। এক পর্যায়ে শিবিরের কর্মীরা ট্রেনটির চালক গোপাল চন্দ্র দাসকে তুলে নিয়ে আটকে রাখেন। এ কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা শিক্ষার্থী এবং পরবর্তী বটতল ও ষোলো শহর স্টেশনে অপেক্ষমাণ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজউদ্দৌলা বলেন, শিবিরের কর্মীরা চালককে অপহরণ করায় ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রেন চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলো অনলাইনকে বলেন, চালককে উদ্ধারে অভিযান চলছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুই ছাত্রকে নিজেদের কর্মী দাবি করে তাঁদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসহ চার দফা দাবিতে ১৮ মার্চ থেকে অবরোধ পালন করছে শিবির। এর আগে দুই ছাত্র নিহত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ৩৮ দিন পর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও শিবিরের অবরোধের কারণে শিক্ষার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।এদিকে শিবিরের কর্মীরা আজ বাংলা বিভাগের শ্রেণীকক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ক্লাস হয়।