চালককে এসএসসি পাস ও প্রশিক্ষিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরক্ষর কাউকে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া উচিত হবে না। ন্যূনতম এসএসসি পাস ও উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোককে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া যায়।চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাব এলাকায় গত ১১ জুলাই সড়ক দুর্ঘটনায় ৪৩ স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় সরকারের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে এই মতামত দেওয়া হয়েছে। প্রতিবেদনে যেকোনো মূল্যে অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধ করার সুপারিশ করা হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানকে আহ্বায়ক করে গঠিত ওই তদন্ত কমিটির সদস্য ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক এস কে বিশ্বাস। কমিটি প্রায় দুই মাস তদন্ত শেষে তিন সপ্তাহ আগে ১৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেয়।মোহাম্মদ আমিন কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রতিবেদনে আমরা দুর্ঘটনার জন্য শুধু চালককে দায়ী না করে আমাদের আর্থসামাজিক অবস্থার বিষয়টিও তুলে এনেছি। আশা করছি, প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করা হলে দেশে সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমবে। তখন শুধু উপযুক্ত ও প্রশিক্ষিতরাই গাড়ি চালানোর লাইসেন্স পাবেন।’ যে কারণে দুর্ঘটনা: তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি আবুতোরাব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও দায়ী করা হয়েছে। এতে বলা হয়, খেলার মাঠে ছাত্রদের পাঠিয়ে তাদের নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।ওই মর্মান্তিক দুর্ঘটনার জন্য চালকের সহকারীর (হেলপার) বেপরোয়া গাড়ি চালনা এবং চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলার বিষয়টিকে দায়ী করা হয়। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলে রাস্তার উত্তর পাশে আগে থেকে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক্টর। এই ট্রাক্টরটি রাস্তার দক্ষিণ পাশ দিয়ে উত্তর পাশে দাঁড়ানো মাইক্রোবাসটি অতিক্রম করছিল। আর তখনই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসে ছাত্রদের বহনকারী বড় পিকআপ। এখানকার রাস্তা পাশাপাশি তিনটি গাড়ি অতিক্রম করার মতো প্রশস্ত ছিল না। চালক পিকআপটি দক্ষিণ পাশে রাস্তার কিনারায় নিয়ে যায়। তবে কতটা কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, তা অনুমান করতে পারেনি চালক। এ সময় বাঁ দিকের চাকাগুলো খাদের মধ্যে পড়লে পিকআপটি উল্টে যায়।অল্প সময়ের মধ্যে এত বেশি ছাত্রের মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, রাস্তার পাশের খাদটি ডোবাজাতীয়। এর পানি ছিল ময়লা-আবর্জনায় ভরা। পানিও ছিল হাঁটুসমান। পানি বেশি থাকলে দুর্ঘটনায় পড়া পিকআপটি হয়তো ভেসে উঠত। কিন্তু কম পানির কারণে সম্পূর্ণ লোহার কাঠামোয় তৈরি পিকআপটি শক্ত খাঁচার মতো কাদার মধ্যে চেপে বসে। ফলে এর ভেতরে আটকে পড়া ছাত্ররা হাবুডুবু খাচ্ছিল। তারা সহজে বের হতে পারেনি। ময়লা পানি খেয়ে ও দম বন্ধ হয়ে পিকআপের বেশির ভাগ ছাত্রই মারা যায়।তদন্ত কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা অন্তত ২৪ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়েছি, যাদের ছয়জনই ছাত্র। ভাগ্যজোরে তারা বেঁচে যায়। সাক্ষীদের মধ্যে ওই পিকআপের মালিক, চালকলের মালিকসহ আশপাশের লোকজনও রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সরেজমিনে অনুসন্ধানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়। ১৫ দফা সুপারিশ: প্রতিবেদনে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনার ৮০ শতাংশই ঘটে অদক্ষ চালকের কারণে। ১০ শতাংশ হয় যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে যত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, এত সহজে বিশ্বের আর কোনো দেশে তা পাওয়া যায় না। একজন সাধারণ মানুষ খুন করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু একজন চালক শতাধিক মানুষ মারলেও তা জামিনযোগ্য অপরাধ।চালকের কারণে দুর্ঘটনার ১০টি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: চালকের অদক্ষতা ও প্রশিক্ষণ না থাকার দুর্বলতা, বেপরোয়া গতি, খামখেয়ালিপনা ও ইচ্ছামতো গাড়ি অতিক্রম, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, ধারণক্ষমতার অতিরিক্ত বোঝাই করা, শারীরিক ও মানসিক বৈকল্য, আগে পৌঁছার প্রতিযোগিতা, অসহিষ্ণু মনোভাব ইত্যাদি।কমিটি দুর্ঘটনা রোধ ও গাড়ি চালনার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে ১৫টি সুনির্দিষ্ট সুপারিশ করেছে। এর মধ্যে এক নম্বর সুপারিশে বলা হয়েছে, যেকোনো মূল্যে অদক্ষ চালকের গাড়ি চালানো থামাতে হবে। দ্বিতীয়ত, কমপক্ষে এসএসসি পাস ও বিবেকসম্পন্ন ব্যক্তিকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পর গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া যায়।অন্য সুপারিশের মধ্যে রয়েছে, যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, আধুনিক ও দ্রুতগতির যানবাহনের সঙ্গে রাস্তায় নছিমন-ভটভটি-রিকশা ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করা, শিশুরা কোথাও দল বেঁধে গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলা ও নিয়ম না মানার প্রবণতা বন্ধ করা, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা বন্ধ রাখা নিশ্চিত করা, ট্রাফিক আইন সঠিকভাবে মেনে চলা ইত্যাদি।