চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মত্স্য ভবন মোড়ে আজ শনিবার ভোরে ছিনতাইকারীরা তানভীর আহমেদ (২৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে তাঁর কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।গুরুতর আহত অবস্থায় তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে তানভীর আহমেদ জানান, ভোর পাঁচটার দিকে পুরান ঢাকা থেকে তিনি ও তাঁর স্ত্রী শারমিন আকতার মোটরসাইকেলে করে রামপুরা বনশ্রীর বাসায় ফিরছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে মত্স্য ভবন মোড়ে একটি সাদা জিপ থেকে চার-পাঁচজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। এ সময় ছিনতাইকারীরা পায়ে কোপ দিয়ে তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর তারা পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা এ সময় তানভীরের স্ত্রীর ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। ভ্যানিটি ব্যাগে আট হাজার টাকা ও দুটো মুঠোফোন ছিল।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, তিনি ছিনতাইয়ের ঘটনাটি শুনেছেন। তবে এখনো মামলা হয়নি।