চালককে বোকা বানিয়ে চুরি হয় অটোরিকশা, টাকা দিলে ফেরত
চট্টগ্রাম নগরের হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে এক মহিলা হাতে-পায়ে ব্যান্ডেজ বাঁধা এক ব্যক্তিকে নিয়ে ভাটিয়ারি যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। সিএনজি এ কে খান এলাকায় পৌঁছালে চালককে চিকিত্সকের একটি পরামর্শপত্র দিয়ে ওই মহিলা পাশের দোকান থেকে ওষুধ এনে দেওয়ার অনুরোধ করেন। ওষুধ নিয়ে চালক পেছনে তাকিয়ে দেখেন ব্যান্ডেজ বাঁধা ব্যক্তি অটোরিকশা চালিয়ে নিয়ে যাচ্ছেন।চুরি যাওয়া অটোরিকশাটি ফেরত পেতে মালিককে ৫০ হাজার টাকা দিতে হয়েছে। চোর চক্রের কথামতো কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় টাকা পাঠানোর পর অটোরিকশাটি ফেরত পাওয়া যায়।অনুসন্ধানে জানা গেছে, পুলিশ, রোগী, উকিল, নববধূ-বর, কোর্ট-টাই পরা কেতাদুরস্ত সাহেব সেজে এভাবে প্রতিদিন নগরে অটোরিকশা চুরি করছে কয়েকটি চক্র। গত ছয় মাসে চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে।চট্টগ্রাম সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছয় মাসে অন্তত সাড়ে তিন হাজার অটোরিকশা চুরি হয়েছে। কুরিয়ারে টাকা পাঠিয়ে বেশির ভাগ অটোরিকশা ফেরত পাওয়া গেছে। তবে টাকা দিয়েও ফেরত পাননি এমন নজিরও আছে।জানা যায়, বেশির ভাগ মালিক চুরি যাওয়া অটোরিকশা ফেরত পেতে পুলিশের কাছে না গিয়ে আগে যাঁরা ফেরত পেয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। কারণ পুলিশের কাছে গেলে মামলা-মোকদ্দমাসহ নানা প্রক্রিয়ায় সময় পার হয়। সিএনজি সহজে পাওয়া যায় না।মিস্ত্রিপাড়া, হালিশহর, কর্নেলহাটসহ নগরের কয়েকটি এলাকার বিভিন্ন গ্যারেজ ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি গ্যারেজের সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। ছয় মাসে বিশ্ব কলোনির অলির গ্যারেজ থেকে ১১টি, কর্নেলহাটে মনির হোসেনের গ্যারেজ থেকে আটটি, দক্ষিণ আগ্রাপাড়ায় মুন্সির গ্যারেজ থেকে পাঁচটি, মতিনের গ্যারেজ থেকে পাঁচটি, ভিক্টোরিয়া গেটে মুন্সির গ্যারেজের দুটি গাড়ি চুরি হয়।মিস্ত্রিপাড়ার গ্যারেজের মালিক নুরুল হক জানান, তাঁদের এলাকা থেকে ছয় মাসে ৪০টি অটোরিকশা চুরি হয়। টাকা দিয়ে এগুলো ফেরত আনতে হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি ডিবি) জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় দিনই সিএনজি অটোরিকশা চুরি হচ্ছে। চুরির পর মালিকের নম্বরে ফোন করে কুরিয়ার সার্ভিসে টাকা পাঠাতে বলে। টাকা দিলে চোর চক্র কোনো জায়গায় গাড়ি পরিত্যক্ত অবস্থায় রেখে যায়।’ তিনি বলেন, ‘যারা আমাদের সাহায্য চায়, তাদের টাকা দেওয়ার কথা চালিয়ে যাওয়ার পরামর্শ দিই। এভাবে আমরা গাড়িসহ কয়েকটি চক্র ধরেছি।’তিনটি চক্র সক্রিয়: পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরে তিনটি চক্র সিএনজি অটোরিকশা চুরি করছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার বলেন, এই তিনটি চক্রের মধ্যে দুটি ঢাকার। এদের সঙ্গে স্থানীয় অনেক উপগ্রুপ কাজ করে।এর মধ্যে একটি চক্রের নেতৃত্বে রয়েছে হারুন। ঢাকার এই চক্রটি চট্টগ্রামে বিভিন্ন উপগ্রুপের মাধ্যমে কাজ করে। এ চক্রে রয়েছে শাহজাহান, জসিম, মজিবর ও জলিল। আরেক চক্রের নেতৃত্বে রয়েছে পটুয়াখালীর বাবুল। তার সঙ্গে রয়েছে মনির, মান্নান, লিমা ও আক্তার। লিমাকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছিল। তৃতীয় চক্রটির নেতৃত্বে রয়েছে চট্টগ্রামের কাদের। এই চক্রেও তিন-চারজন নারী রয়েছে। এ ছাড়া মানিক নামে এক চোর একটি উপগ্রুপের নেতৃত্ব দিচ্ছে। গত ১৬ নভেম্বর গোয়েন্দা পুলিশ মানিক ও তাঁর সহযোগীকে একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করে। তবে সে এখন জামিনে আছে।এসি ডিবি জাহাঙ্গীর বলেন, ‘আমরা গ্রেপ্তার করি, কিন্তু বেশি দিন কারাগারে থাকে না। আদালত থেকে জামিন নিয়ে আবার একই কাজে নেমে পড়ে। এ কারণে চুরি কমছে না।’চুরি বাড়ার কারণ: তত্ত্বাবধায়ক সরকারের সময় অটোরিকশায় মালিকের মুঠোফোন নম্বর লাগানো বাধ্যতামূলক করে পুলিশ। এর পরই একটি-দুটি গাড়ি চুরি এবং টাকা দিয়ে উদ্ধারের ঘটনা শুরু হয়। বর্তমান সরকারের সময় এটি বেড়ে যায়। চুরি হওয়ার দু-তিন ঘণ্টার মধ্যেই চোরের দল ফোন করে টাকা দাবি করে।চট্টগ্রাম সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. হোসেন বলেন, মুঠোফোনের নম্বর লাগানোর আগে চুরি কম ছিল। কিন্তু এই নম্বর দেওয়ার পর চোরদের টাকা দাবি সহজ হয়ে পড়ে। এভাবে দিনে অন্তত ২০টি গাড়ি চুরি হচ্ছে।টাকা দিলে গাড়ি ফেরত: গত ২১ মে কর্নেলহাট বার কোয়র্টার এলাকার মোজাম্মেল হোসেনের সিএনজি অটোরিকশাটি চুরি হয়। পরে চোরদের দাবিমতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭০ হাজার টাকা পাঠিয়ে গাড়িটি ফেরত পান তিনি। ০১৯১৩-৬৪৩২৬৭ ও ০১৭২১-৩৯৫০৬৬ মোবাইল ফোন নম্বরের বিপরীতে এসএ পরিবহনে এই টাকা পাঠানো হয়।পাক্কার মাথা এলাকার জিল্লুর রহমান ০১৭৪৬-৪৯৩৩১১ নম্বরে এসএ পরিবহনের মাধ্যমে গত ১৯ ডিসেম্বর ৬৫ হাজার টাকা পাঠিয়ে নিজের সিএনজি অটোরিকশা ফেরত পান। একইভাবে বিশ্ব কলোনির আবদুর রহিম একই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৬ ডিসেম্বর ০১৭৪১-৫৯২৪৫৭ নম্বরে ৪০ হাজার টাকা পাঠিয়ে চুরি যাওয়া গাড়ি ফেরত পান। উত্তর কাট্টলির হোসেন ৫২ হাজার টাকা দিয়ে গাড়ি ফেরত পান।বেশির ভাগ ক্ষেত্রে এসএ পরিবহনের মাধ্যমে এসব টাকা লেনদেন হয় কেন—এমন প্রশ্নে কুরিয়ার প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. মোর্শেদ আলম বলেন, ‘ঢাকা-চট্টগ্রামে আমাদের কুরিয়ারে প্রচুর অর্থ লেনদেন হয়। কে, কার কাছে, কিসের টাকা পাঠাচ্ছে তা আমরা জানি না। তবে অতীতে পুলিশ-র্যাব আমাদের কাছে এ ধরনের অপরাধের ঘটনায় সাহায্য চেয়েছিল। আমরা তখন সহযোগিতা করে কয়েকজন আসামিকে ধরিয়ে দিয়েছিলাম।’