চালকদের ঘাতক বলা যাবে না !
সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকদের দায়ী করা যাবে না এবং চালকদের ঘাতক বলা যাবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তারা সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা দূর করার আহ্বান জানায়।আজ বৃহস্পতিবার এসব দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা এসব দাবি জানান। তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রমিকনেতারা রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে সমাবেশ করেন। এতে রাজধানীর পুরানা পল্টন ও প্রেসক্লাব-সংলগ্ন আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী খানসহ ফেডারেশনের অধীনে থাকা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা সংবাদপত্র ও সাংবাদিকদের তীব্র সমালোচনা করে বলেন, ‘আপনারা শ্রমিক ও চালকদের দায়ী করে একতরফাভাবে খবর পরিবেশন করছেন। এটা ঠিক নয়।’ একই সঙ্গে বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিশিষ্ট ব্যক্তিদের সমালোচনা করেন।সমাবেশস্থলে নূরে আলম নামের এক ট্রাকচালক প্রথম আলোকে বলেন, চালকদের অন্যায়ভাবে ঘাতক বলা হচ্ছে এবং দুর্ঘটনার জন্য এককভাবে দায়ী করা হচ্ছে। তিনি মনে করেন দুর্ঘটনা প্রতিরোধে দরকার চালকের যথাযথ প্রশিক্ষণ এবং পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তিনি আরও বলেন, ১০ ভাগ অদক্ষ চালকের জন্য ৯০ ভাগ দক্ষ ও অভিজ্ঞ চালকদের ঘাতক বলা উচিত নয়।