চালকদের বাগে আনা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশের অভিযান সত্ত্বেও ঢাকায় চলাচলরত সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করছেন। বিশেষ করে, বিকেলে ভ্রাম্যমাণ আদালত থাকেন না। সে সময় যাত্রী হয়রানি বেশি হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া অনেকে মিটারে গেলেও তাতে কারসাজি থাকার কারণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।গতকাল সোমবার দুপুরে আসাদগেটে কথা হয় ওবায়দুল্লাহ কবিরের সঙ্গে। তিনি অভিযোগ করেন, মতিঝিল থেকে মিটারে এসে তিনি ভাড়া গোনেন ১২০ টাকা। ওয়েটিংয়ে (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল) ২১ মিনিট ব্যয় হয়েছে। এই ভাড়া তাঁর কাছে বেশি মনে হয়েছে। অটোরিকশার নম্বর রেখে অভিযোগ দিয়েছেন কি না, জানতে চাইলে তাঁর উত্তর, ‘মিটার সম্পর্কে বুঝি না। অভিযোগ দিয়ে লাভ হবে বলে মনে হয় না। তাই দিইনি।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, মতিঝিল থেকে আসাদগেটের দূরত্ব ৭ দশমিক ৪ কিলোমিটার। এই পথে ভাড়া হওয়ার কথা ৬৩ টাকা। ওয়েটিংয়ের ২১ মিনিটের জন্য যোগ হবে ২৬ টাকা। সব মিলিয়ে ভাড়া ৮৮ টাকা হওয়ার কথা।এভাবে কয়েক দিন ধরে মিটারেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিআরটিএর কর্মকর্তারা বলছেন, এখনো প্রায় পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশার মিটার সঠিক কি না, তা পরীক্ষা করে বিআরটিএ থেকে সিলগালা করা হয়নি। যে মিটারগুলোতে সিলগালা হয়নি, সেগুলোতে কারসাজি থাকতে পারে।গতকালও ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সহায়তা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিজি প্রেসের সামনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। সোবহানবাগে তোফায়েল ইসলাম এবং মৎস্য ভবনের সামনে সেলিম হোসেন। এসব আদালত ৭৯টি মামলা করেন এবং জরিমানা আদায় করেন ৩৪ হাজার ৫০০ টাকা। চুক্তিতে যাত্রী বহনের দায়ে চারটি অটোরিকশা জব্দ করা হয়।অন্যদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ গতকাল ৪১৪টি মামলা করেছে এবং ২৮টি অটোরিকশা জব্দ করে। ট্রাফিক পুলিশ ১৬ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মিটার কারসাজি ও চুক্তিতে যাত্রী বহনের দায়ে তিন হাজার ৮১০টি মামলা করেছে। তারা অটোরিকশা আটক করেছে ৩৫১টি।চালকের দৌরাত্ম্য: মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফর রহমান মহাখালীতে গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের সামনে হন্যে হয়ে একটি অটোরিকশা খুঁজছিলেন। এক ঘণ্টা পার হয়ে গেলেও তিনি চালকদের সঙ্গে কথাই বলতে পারছিলেন না। মহাখালী থেকে কল্যাণপুরে যেতে একজন রাজি হলেন, কিন্তু ভাড়া চাইলেন ২০০ টাকা। লুৎফর রহমানের ছোট ভাই ঢাকার বাইরে থেকে এসে মহাখালীতে নেমেছেন। সঙ্গে অনেকগুলো ব্যাগ। লুৎফর রহমান খানিকটা ক্ষোভ প্রকাশ করেই বললেন, ‘চলাচল করাই কঠিন হয়ে গেছে। সঙ্গে ব্যাগ না থাকলে তবু একটা গতি করা যেত। এখন কীভাবে বাসায় ফিরব, তা-ই ভেবে পাচ্ছি না। শেষ পর্যন্ত হয়তো ২০০ টাকারও বেশি দিয়ে বাড়ি যেতে হবে।’মহাখালীতেই কথা হয় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে কর্মরত ফারজানার সঙ্গে। তিনি জানালেন, অন্যদিন অফিসের গাড়ি থাকে, নয়তো স্বামী এসে নিয়ে যান। কিন্তু গতকাল অফিসের গাড়িও ছিল না, স্বামীও অনেক দূরে ছিলেন। তাই বিকেল পৌনে পাঁচটায় অফিসের পিয়নকে একটি অটোরিকশা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি তা পাননি। মিরপুরে যেতে একজন আড়াই শ টাকা চাইলেন।ভাই, মামা, চাচা ডেকেও অনেকে চালকদের মন গলাতে পারছিলেন না। সকালের চেয়ে সন্ধ্যার দিকে এ চিত্র বেশি দেখা যায়। এ প্রতিবেদক সকালে মোহাম্মদপুরের শেখেরটেক থেকে মহাখালীতে যেতে চাইলে চালক ২০০ টাকা চাইলেন। চালক মোতালেব বললেন, ‘মিটার নাই, প্রাইভেট সিএনজি, তাই ভাড়া বেশি লাগবে।’ মালিককে না জানিয়েই এই অটোরিকশা চালান তিনি। মিরপুরের কফিল উদ্দিন নামের এক ব্যবসায়ী ‘প্রাইভেট’ লেখা এই অটোরিকশার মালিক। এত ভাড়া নিতে চাইছেন কেন প্রশ্ন করামাত্র চালক বললেন, ‘না পোষাইলে অন্য গাড়ি দিয়া যান।’জমা বেশি: জামালপুরের শেখ ফরিদ ২০০৩ সাল থেকে ঢাকায় অটোরিকশা চালান। তাঁর মতে, গাড়ি চালানোর জন্য মালিকেরা সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত সময় দেন না। মালিকেরা দিন-রাতে দুই পালায় আলাদা চালক দিয়ে অটোরিকশা চালান। অনেক চালকের অভিযোগ, মালিক ৬০০ টাকা জমা নিচ্ছেন বলেই মিটারে অটোরিকশা চালানো সম্ভব হচ্ছে। কিন্তু যেসব মালিক জমা নেওয়ার নিয়ম মানছেন না, সেই চালকেরা বিপাকে পড়েছেন। মালিককে এ বিষয়ে কিছু বলতে গেলেই চাবি রেখে বিদায় করে দেন। চালক জাকির হোসেন অভিযোগ করেন, তাঁর কাছ থেকে মালিক ৭০০ টাকা জমা নিচ্ছেন। প্রতিবাদ করলে অন্যকে দিয়ে চালানোর হুমকি দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটোরিকশার মালিক জানান, দোলাইর পাড়, মালিবাগ ও মাণ্ডায় অনেক মালিক সরকারের সিদ্ধান্ত অমান্য করে বাড়তি জমা নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই প্রবণতা এখনই বন্ধ না করলে সব মালিকের মধ্যে তা ছড়িয়ে পড়বে।চুক্তিতে যাত্রী বহন: মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অন্তত ৫০টি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো। একটার পেছনে অন্যটা। এভাবে লাইন ধরে কেন দাঁড়িয়ে জিজ্ঞেস করতেই চালকেরা জানান, এখান থেকে সৈনিক ক্লাব পর্যন্ত যাত্রী বহন করা হয়। তবে একা নয়, চারজন হলে ছাড়া হয়। প্রতিজনের ভাড়া ১৫ টাকা। এক যাত্রায় ভাড়া হয় ৬০ টাকা।চালকদের মধ্যে শৃঙ্খলার জন্য যে আগে আসে, তার পালা (সিরিয়াল) দেওয়া হয়। মিটার অনুযায়ী যাত্রী বহন করার কথা থাকলেও সেখানে চুক্তিতে যাত্রী বহন করা হয়। এসব চালক অন্য কোথাও ভাড়ায় যান না।আমিনুর রহমান নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, তিনি গাবতলীতে যাওয়ার জন্য বললে চালকেরা রাজি হননি। এই এলাকায় চুক্তিতে যাত্রী বহন করা হয়। চালক মিনহাজ মিয়া দাবি করেন, ‘এখানে যানজট কম। চারজন নিয়ে গেলে দ্রুত ফিরে আসা যায়। দিনশেষে ভালো আয় হয়। তাই এখানে ট্রিপ দেই।’ বিআরটিএর একজন কর্মকর্তা জানান, মিরপুর ১০ নম্বর থেকে সৈনিক ক্লাবের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। মিটারে গেলে এ পথের ভাড়া হওয়ার কথা ৩৫ টাকা। যানজট কম বলে ওয়েটিং (সিগন্যাল, যানজট ও যাত্রাবিরতি) পাঁচ টাকার বেশি ওঠার কথা নয়। সে হিসাবে সাকল্যে ৪০ টাকা ভাড়া হবে, কিন্তু মিটারে না চলে চারজন করে নেওয়ায় ৬০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। মাঝেমধ্যে পাঁচজনও নেওয়া হয় বলে কয়েকজন চালক জানান। এক চালক জানান, এখানে ব্যক্তিগত (প্রাইভেট) হিসেবে নিবন্ধন নেওয়া অনেক অটোরিকশাও ভাড়ায় চালানো হচ্ছে। নিয়মানুযায়ী, এগুলো ভাড়ায় চালানো নিষিদ্ধ। মিটারে কারসাজি: ঢাকায় বর্তমানে অটোরিকশা আছে ১২ হাজার। তবে এখনো প্রায় পাঁচ হাজার অটোরিকশার মিটার ঠিক করা হয়নি। বিআরটিএর সূত্র জানায়, এ পর্যন্ত সাত হাজার অটোরিকশার ‘মিটার ঠিক আছে’ মর্মে প্রত্যয়নপত্র নেওয়া হয়েছে এবং এগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। বাকিগুলো এখনো আসেনি।গতকাল ভ্রাম্যমাণ আদালত সিলগালা হয়নি এমন কিছু অটোরিকশার মিটার পেয়েছে। এগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। তেজগাঁওয়ে বিজি প্রেসের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, তিনি তিনটি অটোরিকশার মিটার পেয়েছেন, যেগুলো সিলগালা করা হয়নি। এর জন্য জরিমানা করা হয়েছে। গতকাল ওই ম্যাজিস্ট্রেট আইন অমান্য করার দায়ে ৩১টি মামলা করেছেন। জরিমানা আদায় করেন ছয় হাজার ৮০০ টাকা। জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর সময় মিটারগুলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পরীক্ষা করিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরে এই সিদ্ধান্ত সংশোধন করা হয়। বিআরটিএর একটি সূত্র জানায়, বিএসটিআইয়ের যন্ত্রপাতি উন্নত। সেখান থেকে পরীক্ষা করিয়ে সিলগালা করলে কারসাজি কমে যেত।