চালকের অনুমোদনপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অনেক তৎপর। যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকে তবে রাস্তার মোড়ে টহলরত ট্রাফিক পুলিশের দল কিন্তু আপনাকে ছাড়বে না। গাড়িটা ধরে সোজা মোটরযান বিধিমালা আইন ভাঙার অপরাধে মামলা ঠুকে দেবে। এই ঝঞ্ঝাট এড়াতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখা ভালো। মিরপুর কার্যালয় থেকে নেওয়া যায় গাড়ি চালানোর অনুমোদনপত্র।সহজে ড্রাইভিং লাইসেন্স করানোর পদ্ধতি জানালেন বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল বিভাগ) মো. মহসিন হোসেন। তিনি জানান, প্রথমে একজনকে একটি মেডিকেল সার্টিফিকেট ও তিন কপি ছবি দিয়ে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে তিন মাস পর্যন্ত গাড়ি চালানো সম্ভব। শিক্ষানবিশ লাইসেন্সেই মূল অনুমোদন পাওয়ার জন্য পরীক্ষার তারিখ দেওয়া থাকে। পরীক্ষার দিন নিজে গাড়ি নিয়ে সকাল নয়টায় হাজির হতে হবে কেরানীগঞ্জের ইকুরিয়ায়। সেখানে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সামনে গাড়ি চালানোর পরীক্ষায় পারদর্শিতা দেখাতে হবে। তখন পরীক্ষায় উত্তীর্ণ হলে বিআরটিএ থেকে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। প্রথম পাওয়া যাবে হালকা যান চালানোর লাইসেন্স। এর তিন বছর পর মিলবে মাঝারি যানের লাইসেন্স। তারও তিন বছর পর পাওয়া যায় ভারী যান চালানোর লাইসেন্স। তবে বয়স ১৮ বছর না হলে কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। ড্রাইভিং লাইসেন্সের ফি খুব বেশি নয়। তা নিজ হাতে বিআরটিএ মিরপুর কার্যালয়ে থাকা ব্যাংকে পে-অর্ডার করে জমা দিতে হয়। ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে দালাল থেকে সাবধান থাকতে হবে। তাদের হাতে পড়লে খরচ দ্বিগুণ হয়ে যাবে, আবার তারা নকল লাইসেন্সও ধরিয়ে দিতে পারে। আর ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়ে বিআরটিএতে কোনো দুর্ভোগে পড়লে চিঠি লিখে বা ই-মেইল করে জানান ‘ঢাকায় থাকি’তে।