চালকের অসতর্কতা: আইন সংশোধন করায় সরকারকে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালকদের অসতর্কতায় ঘটা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সাজার মেয়াদ বিষয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছেন। রুলে ফৌজদারি ও দণ্ডবিধি আইন সংশোধনের মাধ্যমে সাজার মেয়াদ সাত বছরের পরিবর্তে তিন বছর করা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদের সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। রিটে বলা হয়, ১৯৮৫ সালের ১০ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে দণ্ডবিধির ৩০৪বি ও ফৌজদারি কারবিধির তফসিলে পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়। সাজার মেয়াদ কম হওয়ায় দিন দিন গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনা বেড়ে চলছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। দুর্ঘটনায় মৃত্যুর কারণে সে অধিকার থেকে নাগরিকেরা বঞ্চিত হচ্ছে। তাই ওই সংশোধনী জনস্বার্থ-বিরোধী ও সংবিধান পরিপন্থী। প্রসঙ্গত, ওই সংশোধনী বাতিল হলে অপরাধের ক্ষেত্রে সাত বছরের আগের সাজা বহাল হবে। গত ২৬ ডিসেম্বর এ সংশোধনী বাতিল চেয়ে ছয় সচিবের প্রতি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ নোটিশটি পাঠান।