দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আলী আজমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কমিশন থেকে তাঁকে কয়েকবার চিঠিও দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য না পাওয়া পর্যন্ত ঘটনার মূল ক্লু খুঁজে বের করা যাচ্ছে না।আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে রেলের অর্থ কেলেঙ্কারির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমিশন-সচিব এসব কথা বলেন।এ ক্ষেত্রে তদন্ত অসম্পূর্ণ থাকবে কি না, জানতে চাইলে ফয়জুর রহমান বলেন, ‘না পেলে কী আর করা।’গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ সুরঞ্জিতের অব্যাহতি পাওয়া এপিএস ওমর ফারুক তালুকদার এবং ওই দুই কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান কার্যালয় পিলখানায় ধরা পড়েন। তাঁরা মধ্য রাতে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিলেন বলে জানান।এদিকে ছেলে সৌমেন সেনগুপ্তকে নির্দোষ বলে ঘোষণা করেছে দুদক।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুর রহমান চৌধুরী বলেন, সৌমেনের বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ পেয়ে তা যাচাই-বাছাই করে এবং অনুসন্ধান শেষে তাঁকে নির্দোষ বলা হয়েছে। এ ক্ষেত্রে সুরঞ্জিতের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সৌমেনের ব্যবসা-সংক্রান্ত সব কাগজ, আয়-ব্যয়ের হিসাব থেকে বোঝা গেছে সৌমেন নির্দোষসম্প্রতি আইসিএক্স লাইসেন্স নেওয়ার পর সুরঞ্জিতের ছেলে সৌমেনের এই অর্থের উত্স নিয়ে প্রশ্ন ওঠে। ১৬ এপ্রিল এক অনির্ধারিত বৈঠকে বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গত রোববার প্রথম আলোকে বলেছিলেন, অনুসন্ধানে দেখা গেছে, সেনগুপ্ত টেলিকমের অংশীদার যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং দ্য নিউ জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত কুমার দত্ত সেনগুপ্ত টেলিকমের মূল অর্থের জোগানদার। ওই প্রতিষ্ঠানে একেকজনের ৬০ হাজার টাকা করে পুঁজি। আর দুই কোটি টাকার প্রাথমিক মূলধন দিয়েছেন সঞ্জিত কুমার দত্ত। তাঁর প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিয়ে বিটিআরসির লাইসেন্স কেনা হয়েছে। সেনগুপ্ত টেলিকমে সৌমেন সেনগুপ্ত, মকতুবুর রহমান ও মোহাম্মদ মাকসুদুর রহমান কারিগরি অংশীদার। শাহেদ হাসান এর অন্যতম অর্থলগ্নিকারী।রেলের পূর্বাঞ্চলীয় নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে গোলাম রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। কাজ শেষ হলে তারা প্রতিবেদন জমা দেবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুদকের কাছে তিন হাজার ৪৮৫টি অভিযোগ জমা পড়েছে। যাচাই শেষে অনুসন্ধানের জন্য ৪৪১টি অভিযোগ নেওয়া হয়েছে। এপ্রিলে পাওয়া অভিযোগের সংখ্যা এক হাজার ১০৩টি। গৃহীত অভিযোগের সংখ্যা ১৪৭। এর মধ্যে মামলা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৭৩টির। অভিযোগপত্র দাখিলের অনুমতি দেওয়া হয়েছে ৫০টি মামলার। এসব মামলায় ১০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসাইন সাঈদী রয়েছেন।