চালকের লাইসেন্স বৈধ নয়, তাই মালিককেও দণ্ড
চালকের লাইসেন্স বৈধ না হওয়ায় চালকের সঙ্গে মালিককেও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট নয়জন চালক ও সংশ্লিষ্ট গাড়ির মালিককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন। মানিক মিয়া এভিনিউয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত ২০০ কারের চালকের লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে নয়জন চালকের লাইসেন্স ভুয়া ছিল। মোটরযান আইন ১৯৮৩-এ চালকের লাইসেন্স না থাকলে বা কাগজপত্র বৈধ না হলে তাঁকে নিয়োগকারী মালিককে জরিমানার বিধান আছে। আইনের ১৩৮ ধারায় বলা হয়েছে, ‘লাইসেন্স ছাড়া কেউ মোটরযান বা যাত্রীবাহী মোটরযান চালাইলে বা চালনা করতে দিলে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।’বিআরটিএ গত ১ আগস্ট লাইসেন্স ছাড়া গাড়ি না চালাতে এবং চালানোর জন্য অনুমতি না দিতে নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘অনেক মোটরযান মালিক তাদের গাড়ি লাইসেন্সবিহীন/ভুয়া/অবৈধ লাইসেন্সধারী চালক দিয়ে চালাচ্ছেন। এতে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মোটরযান আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে চালক-মালিক উভয়কেই জেল-জরিমানার সম্মুখীন হতে হবে।’ বিআরটিএ সূত্র জানায়, সম্প্রতি মিলিটারি পুলিশ (এমপি) সেনানিবাস এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালকের প্রায় ৫০০ লাইসেন্স যাচাইয়ের জন্য বিআরটিএতে পাঠায়। এর মধ্যে মাত্র সাতটি লাইসেন্স বৈধ পাওয়া যায় বলে সূত্র জানায়। ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনে কারাদণ্ডের বিধান থাকলেও এখনই তা প্রয়োগ করছেন না। চালক-মালিককে এখন শুধু জরিমানা করা হচ্ছে। পর্যায়ক্রমে কারাদণ্ডও দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভুয়া লাইসেন্সধারী নিয়ে যে নয়জন চালক কার চালাচ্ছিলেন, তার কয়েকটিতে মালিক ছিলেন। কয়েকটি চালক একাই চালাচ্ছিলেন। যেসব গাড়িতে মালিক ছিলেন, তাঁদের চালকের সঙ্গে তাৎক্ষণিক জরিমানা গুনতে হয়েছে। যেসব গাড়িতে চালক ছিলেন না, সেগুলোর মালিককে খবর দিয়ে এনে জরিমানা আদায় করা হয়েছে। আদালতের একজন কর্মকর্তা বলেন, নয়টি গাড়ির মধ্যে একটিতে মালিক ছিলেন এক নারী। তিনি আদালতকে বলেছেন, তাঁর কারের চালকের লাইসেন্স যে ভুয়া, তা তিনি জানতেন না। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জরিমানা পরিশোধ করেন। অবশ্য দু-একজন মালিক জরিমানা দিতে গড়িমসি করেন বলে ওই কর্মকর্তা জানান। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান চালক নিয়োগ দেওয়ার আগে লাইসেন্সটি সঠিক কি না, তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান। তিনি গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিআরটিএতে বিনামূল্যে লাইসেন্সের বৈধতা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। যে কেউ এই সুযোগ নিতে পারেন।