চালকের লাইসেন্স ভুয়া হলে মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি গাড়ি চালানোর জন্য চালক নিয়োগ করেছেন? সাবধান, লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্সধারী চালক নিয়োগ করবেন না।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ১ আগস্ট লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ‘অনেক মোটরযান মালিক তাঁদের গাড়ি লাইসেন্সবিহীন, ভুয়া বা অবৈধ লাইসেন্সধারী চালক দিয়ে চালাচ্ছেন। এতে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’ ওই নির্দেশনায় বলা হয়েছে, মোটরযানের মালিকদের চালক নিয়োগের আগে তাঁর লাইসেন্স ঠিক আছে কি না, তা যাচাই করে নিতে হবে।মোটরযান আইন অনুযায়ী, লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালালে চালক ও মালিক—উভয়েরই শাস্তির বিধান আছে। এ ছাড়া আইনের ১৩৮ ধারায় বলা হয়েছে, ‘লাইসেন্স ছাড়া কেউ মোটরযান বা যাত্রীবাহী মোটরযান চালাইলে বা চালনা করিতে দিলে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’জানতে চাইলে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন থেকে চালকের পাশাপাশি মালিককেও শাস্তি দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের শুরুতে আমরা শুধু চালককে জরিমানা করতাম। এর পরও লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর প্রবণতা না কমায় কারাদণ্ড দেওয়া শুরু হয়। তাতেও পুরোপুরি কাজ হচ্ছে না। তাই কঠোর হওয়ার বিকল্প নেই।’বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে সারা দেশে সাড়ে ১৫ লাখ যানবাহনের নিবন্ধন আছে। এর মধ্যে প্রায় এক লাখ যানবাহন চলাচল করে না। বাকি সাড়ে ১৪ লাখ যানবাহনের জন্য ১০ লাখ চালকের লাইসেন্স আছে। একাধিক চালক ও মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল, ব্যক্তিগত কার কিংবা হালকা যানের ক্ষেত্রে এক যানবাহনের একজন চালকই যথেষ্ট। কিন্তু দূরপাল্লার পথে চলাচলকারী একটি বাস কিংবা ট্রাকের জন্য একাধিক চালকের প্রয়োজন হয়।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান বলেন, চালক নিয়োগ দেওয়ার আগে যানবাহনের মালিকেরা বিআরটিএ থেকে লাইসেন্স সঠিক কি না, তা যাচাই করে নিতে পারেন। পরীক্ষা না করে লাইসেন্স ছাড়া বা ভুয়া লাইসেন্স দিয়ে যানবাহন চালাতে দিলে মালিককে জেল-জরিমানার শাস্তি পোহাতে হবে।