নরসিংদী স্টেশনে চালক ও তাঁর সহকারীর চা পানের কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে—এমন তত্ত্ব নাকচ করে দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়, ভৈরব স্টেশনে চট্টলা এক্সপ্রেস মাত্র চার মিনিট থেমেছিল। ভৈরব স্টেশনের কাছাকাছি কোনো চায়ের দোকান ছিল না। তা ছাড়া চট্টলা এক্সপ্রেসে খাবার তৈরির ব্যবস্থা আছে। সুতরাং তাঁরা বাইরের চা কেন পান করবেন, তা বোধগম্য নয়।জানা গেছে, ঘটনার পরপরই রেলপুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) ফজলুল হককে প্রধান করে পুলিশের চার সদস্যের তদন্ত কমিটি করা হয়। তাঁদের তৈরি প্রতিবেদন রেলপুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি উপকমিটিও ওই চা পানের তত্ত্ব গ্রহণযোগ্য নয় বলে মত দেয়। উপকমিটির পরবর্তী বৈঠকে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে প্রতিবেদন দিতে রেলের সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। উপকমিটির চেয়ারম্যান সাংসদ গোলাম মাওলার সভাপতিত্বে গত ১৯ জানুয়ারি বৈঠক হয়। দুর্ঘটনার পর রেলের পক্ষ থেকে কোনো মামলা না করায় উপকমিটি রেল কর্মকর্তাদের ভর্ৎসনা করে। পরদিন ২০ জানুয়ারি রেলের ভৈবরবাজার স্টেশনের মাস্টার মোতালেব খান বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এতে শুধু অজ্ঞাতপরিচয় ভাসমান চা বিক্রেতাকে আসামি করা হয়। গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি মহলবিশেষকে বাঁচাতে চালকের চা পানের তত্ত্ব আবিষ্কার করেছে। এত বড় ঘটনার পর রেল কর্তৃপক্ষ থানায় কোনো মামলা করেনি। আমরা উদ্যোগ নিয়ে এ ঘটনায় মামলা করাই।’গত ৮ ডিসেম্বর নরসিংদী স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর গোধূলী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। দুর্ঘটনায় রেলের দুটি ইঞ্জিনসহ প্রায় সাত কোটি পাঁচ লাখ ২২ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পর যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎকালীন পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী (বর্তমানে মহাব্যবস্থাপক) ইউসুফ আলী মৃধাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে চলন্ত চট্টলা এক্সপ্রেসের চালক (এলএম) মো. রফিক উদ্দিন ও সহকারী চালক (এএলএম) মো. মাইন উদ্দিনের অচেতন হওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, চালক ও তাঁর সহকারী দুর্ঘটনাস্থলের আগের স্টেশনে (ভৈরব বাজার) একজন ভাসমান চা বিক্রেতার কাছ থেকে কিনে চা পান করায় অচেতন হয়ে পড়েন। এ কারণে তাঁরা ট্রেন থামার সংকেত (লাল বাতি) অমান্য করে ট্রেনকে নরসিংদী স্টেশনের প্ল্যাটফর্মসংলগ্ন ১ নম্বর লাইনে নিয়ে যান। ওই লাইনে আগেই ঢুকে পড়েছিল মহানগর গোধূলী ট্রেন। এই তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে ভুল লাইনে ঢোকার পর ট্রেন থামাতে ব্যর্থতার দায়ে ওই ট্রেনের গার্ড মো. ইসমাইলকেও দায়ী করা হয়। তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়।রেল সূত্র জানায়, রেলপুলিশের তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য রেলের ভুল সংকেত দেওয়াকে চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে পাঁচজনকে দায়ী করে। এঁরা হলেন নরসিংদী রেলওয়ে স্টেশনমাস্টার মরণ চন্দ্র দাশ, কর্তব্যরত স্টেশনমাস্টার আবু তাহের মো. মুসা, গেটম্যান কিশোলয় কুমার দাশ, চট্টলা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও গার্ড। এতে আরও বলা হয়, ‘রেলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো তদারকি ছিল না বলেও মনে হচ্ছে।’তদন্ত কমিটির প্রধান ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর চট্টলা এক্সপ্রেসের চালক ও সহকারী চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ডে চিকিৎসা নেন, সেই ওয়ার্ডের সনদেই স্পষ্ট বলা হয়, ভর্তির সময় তাঁরা অজ্ঞান ছিলেন না।’ এ ছাড়া ভৈরব বাজার স্টেশনের আটজন প্রত্যক্ষদর্শী লিখিত জবানবন্দিতে বলেছেন, চট্টলা এক্সপ্রেসের চালক কিংবা সহকারী চালককে ওই সময় স্টেশন থেকে চা কিনতে বা চা পান করতে তাঁরা দেখেননি। এই স্টেশনে কোনো ভ্রাম্যমাণ চা বিক্রেতা নেই।মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘সংসদীয় কমিটি আমাদের প্রতিবেদন গ্রহণ না করে নতুন করে তদন্ত শুরু করেছে বলে আমরা শুনেছি। তাঁরা ঘটনাস্থলেও গেছেন বলে জেনেছি। তবে তাঁরা কী পেলেন, সেটা আমি জানি না।’