চালকেরা একটা কুকুরও মারতে চায় না: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘চালকেরা ঘাতক নয়, তারা জনগণের সেবা করে। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলের মৃত্যুর ঘটনা প্রমাণ করে চালকেরা একটা কুকুরও মারতে চায় না।’ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কুষ্টিয়া জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। এ দিকে কুষ্টিয়া-প্রাগপুর জেলা সড়কে বাস চলাচলের ব্যাপারে বৈঠকে কোনো সুরাহা হয়নি। ফলে পঞ্চম দিনের মতো এ সড়কে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার হাজার হাজার লোক।কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে বৈঠকে নৌমন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ পরিচালনায় দেশের পরিবহন সেক্টর সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল শুধু মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তোলে, যা মিথ্যা ও ভিত্তিহীন। সম্পূর্ণ কিছু ভ্রান্ত ধারণার ওপর নির্ভর করে আমাকে, সড়ক পরিবহন ফেডারেশনসহ আমাদেরকে দায়ী করা হলো। এমন কোনো নজির বা দৃষ্টান্ত দেখাতে পারবে না যে বিনা পরীক্ষায় লাইসেন্স দেওয়ার বিষয়টি আমরা সুপারিশ করেছি। যারা পেশাদার চালক তারা গাড়ি ধুয়ে-মুছে আস্তে আস্তে বড় হয়, ওস্তাদের সঙ্গে থাকতে থাকতে দক্ষ চালক হয়।’কুষ্টিয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম কুষ্টিয়া শহরকে যানজটমুক্ত, কুষ্টিয়া-প্রাগপুর ও কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক সংস্কার, মহাসড়ক থেকে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ, পুরাতন লাইসেন্স নবায়ন ও নতুুন লাইসেন্স প্রদানের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ নয় দফা দাবি তুলে ধরেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে স্থলবন্দর তৈরির দাবি জানালে নৌমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যেই প্রাগপুরে সরকারের উচ্চ পর্যায়ের একটি টেকনিক্যাল দল পাঠানো হবে। তাঁদের যাচাই-বাছাইয়ে উপযুক্ত মনে করলে অবশ্যই সেখানে স্থলবন্দর গড়ে তোলা হবে।কুষ্টিয়ার সড়কগুলো মেরামতের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, দ্রুত সংস্কারের ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে যোগাযোগমন্ত্রীকে অবহিত করবেন।