বিএনপির নেতারা দাবি করেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ করা হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সরকার আদালতের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাঁরা চালাকি না করে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশে বিএনপির নেতারা এই আহ্বান জানান। তাঁরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হরতাল-সমর্থকদের সাজা দেওয়ার নিন্দা জানান।হরতালের সময় দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজের অধীনে নির্বাচন করার খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের চেষ্টা করছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, ‘একটি বিশেষ জেলার লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। এই বাহিনী বিরোধী দলকে নির্যাতনের সব সীমা ছাড়িয়ে গেছে। দেশে আজ সংবিধান নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে।’স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি। তাই আগামী নির্বাচনে জনগণের হাতে ধরা খাওয়ার ভয়ে নিজেদের অধীনে নির্বাচন করতে চান। আর এ জন্য আদালতের রায়ের অপব্যাখ্যা করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালে পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, সরকার ৩৬ ঘণ্টা হরতালে পুলিশকে জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে। সারা দেশে বিএনপির এক হাজার নেতা-কর্মীকে আটক করা হয়েছে। অনেককে চোখ বেঁধে অমানবিকভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কোনো সভ্য সমাজে এটা কল্পনা করা যায় না। জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘বিএনপি কর্মসূচি দেওয়ার দুই দিন আগে জানিয়ে দিন কোন্ কোন্ নেতা রাস্তায় নামতে পারবেন না। আমরা চাই না, সিনিয়র নেতারা রাস্তায় নেমে লাঞ্ছিত হোক।’অন্যান্যের মধ্যে আমানউল্লাহ আমান, ইলিয়াস আলী, শহীদ উদ্দীন চৌধুরী, নাজিমউদ্দিন আলম, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।