ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বেড়ে চলার প্রেক্ষাপটে সরকার বেশ কয়েক কোটি টাকায় এ জটিল রোগের চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্র কিনছে। অথচ এসব যন্ত্র চালানোর লোক নিয়োগ দিচ্ছে না স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অর্থ ব্যয় হলেও ক্যানসারে আক্রান্ত সব মানুষ আধুনিক সেবা পাচ্ছে না।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৬০ কোটি ২১ লাখ টাকায় কেনা পাঁচটি লিনিয়াক (লিনিয়ার এক্সিলারেটর) যন্ত্র পুরোপুরি চালু করা না গেলেও বর্তমান সরকার প্রায় ২০ কোটি টাকা দিয়ে আরও দুটি যন্ত্র কিনছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রেটভিশন নামের একই ব্যবসায়িক প্রতিষ্ঠান এবারও যন্ত্র সরবরাহের কাজ পেয়েছে।বিশিষ্ট ক্যানসার চিকিৎসক ও ইউরোপিয়ান ক্যানসার সোসাইটির সাবেক সভাপতি এ বি এম এফ করীম প্রথম আলোকে বলেন, বাংলাদেশে ক্যানসারের বোঝা দিন দিন বাড়ছে। একজন ক্যানসার আক্রান্ত সদস্যকে চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবার পথে বসে। এ পরিস্থিতিতে যন্ত্র কেনা ও চালু রাখার ব্যাপারে নীতিনির্ধারকদের আরও সুবিবেচনার পরিচয় দেওয়া উচিত।দক্ষ কর্মীর অভাব: ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগে গিয়ে দেখা যায়, অনেক রোগীর ভিড়। কর্মকর্তারা জানান, তাঁরা দিনে মাত্র ৪৮ জন রোগীকে রেডিওথেরাপি দিতে পারেন। চিকিৎসা নিতে আসা সবাইকে সেবা দিতে পারেন না। বিভাগে কোনো চিকিৎসা পদার্থবিদ (মেডিকেল ফিজিসিস্ট) নেই, যদিও এটি একটি গুরুত্বপূর্ণ পদ। ‘ফিজিসিস্ট’ লেখা কক্ষটি ছিল তালাবদ্ধ। পদার্থবিদ না থাকার কারণে কিছু জটিল রোগীকে কর্তৃপক্ষ অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে লিনিয়াক যন্ত্র আছে তিনটি। হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা গড়ে ১০০ জন রোগীকে থেরাপি দেন। জনবল ঠিক থাকলে ৩০০ জন রোগীকে থেরাপি দেওয়া সম্ভব।বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান এ কে এম আহসান হাবিব বলেন, একটি লিনিয়াক দিয়ে তাঁরা দিনে গড়ে ২৫ জন রোগীকে থেরাপি দিতে পারেন। তিনি জানান, চিকিৎসা পদার্থবিদের অভাব থাকায় তাঁরা ১২ কোটি টাকারও বেশি দামের যন্ত্রটির পূর্ণ ব্যবহার করতে পারেন না।অদক্ষতার বিপদ: জার্মানির আনহান্ট বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গোলাম আবু জাকারিয়া প্রথম আলোকে বলেন, লিনিয়াকের মাধ্যমে সুনিশ্চিত রেডিওথেরাপি (কনফরমাল রেডিওথেরাপি) দেওয়া হয়। এই থেরাপির মাধ্যমে আশপাশের কোষ ও অঙ্গকে নিরাপদ রেখে শুধু ক্যানসার আক্রান্ত কোষগুলোকে রশ্মি দেওয়া হয়। প্রবাসী এই চিকিৎসা পদার্থবিদ বলেন, লিনিয়াক চালানোর জন্য যন্ত্রের পেছনে সঠিক মানুষ দরকার। সারা পৃথিবীতে চিকিৎসা পদার্থবিদেরাই এটি চালাচ্ছেন।ক্যানসার বিশেষজ্ঞ এ বি এম এফ করীম বলেন, চিকিৎসা পদার্থবিদ ছাড়া এই যন্ত্র চালানো উচিত নয়। নিখুঁতভাবে রশ্মি দেওয়ার ক্ষেত্রে এই যন্ত্রের যেমন জুড়ি নেই, তেমনি মাপ-জোক ঠিক না হলে রশ্মির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি হয়। ভুলভাবে রশ্মি দেওয়ার কারণে অনেকের মারাত্মক ক্ষতি হয়েছে এমন অভিযোগ আছে।দুই বিশেষজ্ঞই দ্রুত চিকিৎসা পদার্থবিদ নিয়োগের তাগিদ দিয়ে বলেন, এতে যন্ত্রগুলো চালু থাকবে, মানুষও সেবা পাবে।বিধির গ্যাঁড়াকলে: দেশে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী চিকিৎসা পদার্থবিদ থাকলেও সরকার তাদের চাকরি দিচ্ছে না। জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়েদুল্লাহ বাকী প্রথম আলোকে বলেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসা পদার্থবিদের ছয়টি পদ আছে। তবে মন্ত্রণালয় বলছে, চিকিৎসা পদার্থবিদ নিয়োগের কোনো বিধান নেই। তাই তাঁরা নিয়োগ দিতে পারছেন না।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, চিকিৎসা পদার্থবিদ নিয়োগবিধি তৈরির কাজ চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পদ সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই চিকিৎসা পদার্থবিদ সংকটের অবসান হবে। তবে সব প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব হবে, তা সুনির্দিষ্ট করে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলতে পারেননি।আট বছর আগে আসা অত্যাধুনিক লিনিয়াক যন্ত্রগুলো এখনো পুরো মাত্রায় চালু করা যায়নি। এর মধ্যে আরও দুটি যন্ত্র কেনা হচ্ছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য। এখন নতুন যন্ত্র কেনার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে পরিচালক ওবায়েদুল্লাহ বাকী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশে ১৫০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার। আর প্রতিটি কেন্দ্রে কমপক্ষে একটি লিনিয়াক প্রয়োজন।