চালিয়ে যাও শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯.২-৩-১৫-০। শফিউলের মায়াকাড়া ভুবন ভোলানো হাসির মতোই ঝকঝকে ওই বোলিং পরিসংখ্যানের মাঝে কি উইকেট না পাওয়ার অতৃপ্তি লুকানো থাকতে পারে? ক্রিকেট তো শেষমেশ রানের খেলা। হিসাব-নিকাশ তো রান করা আর রান আটকানোর ব্যবধান দিয়েই মেটাতে হয়। আক্রমণের নেতৃত্বে থাকা নতুন বলের বোলার যদি এ রকম অপ্রতিরোধ্য মহিমায় আবির্ভূত হন, তবে তাঁর দল ওই ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিতে পারে। অনুপ্রাণিত সহযোগ যুক্ত হয় বিজয়ের ধারায়। উইকেট নেওয়া হয়নি ঠিকই, কিন্তু ৫ উইকেট নেওয়ার সমান কৃতিত্ব দিতে হবে হল্যান্ডের সঙ্গে সোমবারের শফিউলকে, তাঁর নিখরচার উইকেট-শূন্যতাকে। দিনের দলীয় সাফল্যের শুভারম্ভ তাঁর নিয়ন্ত্রিত বোলিং দিয়ে রেশ টেনে নিয়ে গেছেন সতীর্থরা। প্রত্যাশিত জয় এসেছে মোটামুটি সহজেই। উইকেট না নিয়েও শফিউল তাই এ জয়ের অন্যতম বিশিষ্ট কারিগর। চালিয়ে যাও সুহাস।আমাদের বিশ্বকাপ-স্বপ্ন পূরণের পথে হল্যান্ড বিজয়ের পর আমরা এখন দৃঢ় ও ভারসাম্যময় অবস্থানে। অন্য দলের ফলাফল নির্ভরতার স্বপ্নভুক প্রহর কাটাতে চাই না। ম্যাচ জিতে জিতে স্বপ্নের পথে হাঁটতে চাই। আমাদের ক্রিকেটাররা গত দুই ম্যাচ জিতে বুকে অনেক বল এনে দিয়েছেন। সমীকরণের শুভংকরী পথের দিকে তৃষিত নয়নে চেয়ে থেকে সময় নষ্ট করতে চাই না। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সব সমীকরণের সহজ সমাধান চাই। এই যে কোয়ার্টার ফাইনালে যেতে চাই, সেটা তো ওইখানে গিয়ে যাত্রা শেষ করার জন্য নয়। তবে কিসের জন্য? সেটা পরিষ্কারভাবে কর্ম দিয়ে উচ্চারণ করার জন্য—দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইচ্ছা রাখি। ইচ্ছা প্রকাশের সাহস এবং ইচ্ছা পূরণের সামর্থ্য রাখি। ক্রমবিকাশমান আমাদের দল এ সাহস, এ সামর্থ্য নির্মাণ করে নিয়েছে। সোমবার পরিবর্তিত দলটির যে ঐক্যবদ্ধ নবায়ন দেখলাম, তা বুকে ভরসা জোগায়। জানি, তামিমের ব্যাট হাসেনি, কয়েকটি ক্যাচ পড়েছে, অহেতুক উইকেট পড়েছে, এসব নিয়ে কথা হবে। পরের ম্যাচের জন্য এসব ‘বাড়ির কাজ’ সারবেন জেমি সিডন্স। ইংল্যান্ডের দিনের অনেক ত্রুটি গত দিন হতে দেখিনি। রান আউট হননি কেউ, টপ অর্ডারের একজন শেষাবধি টেনে নিয়েছেন, ভালো পার্টনারশিপের নির্মাণ দেখেছি। দেখেছি, পেসারদের বেশি করে ছন্দে ফেরা। এসব দেখে ভরসা হয়, দক্ষিণ আফ্রিকার দিন আমাদের দলকে আরও ধারালোভাবে পাব। দলীয় কোচ তামিম ইকবালের ব্যাটের ওঠা ও নেমে আসা নিয়ে কাজ করবেন; ক্যাচ পড়া নিরোধক বটিকা দেবেন, মাহমুদউল্লাহকে বল হাতে নেওয়ার যোগ্য করে তুলবেন। দক্ষিণ আফ্রিকার বাঁহাতিদের বিপক্ষে ওকে ব্যবহার করতে চাইতে পারেন সাকিব। আশায় রইলাম।