চালু হচ্ছে না ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নীলফামারী বাসটার্মিনাল
নীলফামারী জেলা শহরের প্রবেশপথে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত বাসটার্মিনালটি নির্মাণের পাঁচ বছরেও চালু হচ্ছে না। বাসচালকেরা শহরের যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানজটের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে। পৌর কর্তৃপক্ষ বলছে, অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করার পরও বাসমালিকেরা গায়ের জোরে শহরবাসীকে জিম্মি করেন, সেখানে বাস না থামিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকায় বাসস্ট্যান্ড করেছেন। বাস মালিক সমিতি বলছে, টার্মিনালটি শহরের বাইরে হওয়ায় সেখানে যাত্রী যেতে চায় না। বিআরটিসি কোচ অফিস টার্মিনালে নিলে তাদের বাসগুলো টার্মিনালে ঢুকবে। যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর প্রতিবাদে রিকশা শ্রমিকেরা ইতিমধ্যে শহরে মিছিল সমাবেশ ও হরতাল পালন করেছে। এর পরও বাসমালিকেরা শহরের সৈয়দপুর সড়কের কৃষি ব্যাংক আঞ্চলিক অফিসের সামনে জনবসতিপূর্ণ এলাকায় যাত্রী ওঠানো-নামানোর পাশাপাশি তাঁদের খেয়াল-খুশিমতো বাস দাঁড় করিয়ে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বরাবর একটি লিখিত আবেদন করেন। যার অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রেসক্লাবে। কিন্তু এর কোনো প্রতিকার আজ পর্যন্ত হয়নি।ওই মহল্লার বাসিন্দা মো. মাহমুদ আলম (২৬) বলেন, ‘নীলফামারীতে একটি অত্যাধুনিক বাসটার্মিনাল থাকা সত্ত্বেও এখানে আবাসিক এলাকায় যাত্রী ওঠানো-নামানোর পাশাপাশি সাইনবোর্ড টাঙিয়ে বাসস্ট্যান্ড বানানো হয়েছে। এখানে সৈয়দপুরগামী ও ডোমার-ডিমলাগামী বাস দুই দিকে দাঁড়িয়ে থাকে, আবার পেছন থেকে আরেকটি গাড়ি অন্য গাড়িকে তাড়া করে। রিকশা-ভ্যানের জটলা, শ্রমিকদের হইচই, বাসের হর্ন— সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে করে এই মহল্লায় বসবাসকারী ছাত্রছাত্রী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চেয়ে পৌরসভার মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ ওই মহল্লার অধিবাসী তাজুল ইসলাম জানান, এখানে বাসস্ট্যান্ড করার কারণে ছিঁচকে চোরের উত্পাত বেড়েছে।নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বলেন, বিশ্বব্যাংকের এমএসপি প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নীলফামারী বাস টার্মিনালটির নির্মাণকাজ ২০০৫ সালে শেষ হয়। ২০০৫ সালের ২৪ জুন টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নীলফামারী পৌরসভা ও এলজিইডি যৌথভাবে এটি বাস্তবায়ন করে। টার্মিনালটি উদ্বোধন করা হলেও বাসমালিকেরা সেখানে তাঁদের বাস ঢোকান না। শহরের ভেতর জনবসতিপূর্ণ এলাকায় গাড়ির স্ট্যান্ড করেছেন। এ ব্যাপারে কথা বলতে গেলে তাঁরা রাস্তার ওপর গাড়ি রেখে রাস্তা বন্ধ করে রাখেন। তাঁরা কোনো নিয়মকানুনের ধার ধারেন না।জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব অভিযোগ করে বলেন, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলো দীর্ঘদিন ধরে শহরের যেখানে-সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করায় রিকশাওয়ালারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বন্ধের দাবিতে আমরা কয়েক দফা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, কিন্তু তারপরও যেখানে-সেখানে যাত্রী ওঠানামা বন্ধ হয়নি। তিনি বলেন, শহরের মধ্যবর্তী স্থানে স্ট্যান্ড করার কারণে শহরে দুর্ঘটনাও বাড়ছে, গত ১০ জানুয়ারি ওই স্ট্যান্ডের কাছে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ইতি (২২) নামের এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হন।এ ব্যাপারে কথা বললে নীলফামারী জেলা বাসমালিক সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, টার্মিনালটি জেলা শহরের বাইরে হওয়ার কারণে সেখানে যাত্রী ওঠানামা করতে চায় না। বাইপাস সড়ক হলে টার্মিনালটি এমনিতেই চালু হবে। এ ছাড়া শহরের ভেতর যেসব কোচ অফিস আছে, সেগুলো টার্মিনালে নিলেও টার্মিনালটি চালু করা সম্ভব হবে।শাহজাহান আলী বলেন, ‘বিআরটিসির নীতিমালায় আছে ডিপো টু ডিপো বিআরটিসি বাস চলবে। যেখানে ডিপো নেই, সেখানে বাস টার্মিনাল থেকে চলবে। কিন্তু এখানে নিয়মনীতি অগ্রাহ্য করে বিআরটিসি শহরের ভেতর অফিস করে যাত্রী ওঠানো-নামানো করছে। আমরা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি, বিআরটিসি কাউন্টার টার্মিনালে নিলে আমরা শহর থেকে স্ট্যান্ড সরিয়ে নিয়ে টার্মিনালে যাব।’এলাকাবাসীর অভিযোগ, নীলফামারীতে বাস টার্মিনাল ছাড়াও আরও দুটি বাসস্ট্যান্ড থাকার পরও শহরের মধ্যবর্তী স্থানে আরেকটি বাসস্ট্যান্ড করায় জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনাও বাড়ছে।