চালের আড়তের ব্যবস্থাপককে হত্যা করে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় শামসুল ইসলাম নামের চালের আড়তের ব্যবস্থাপককে গুলি করে হত্যার পর সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা একটার দিকে মধ্যবাড্ডায় সাত-আটজন ছিনতাইকারী শামসুল ইসলামের রিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁর পেটে গুলি করে তার কাছ থেকে কাপড়ের ব্যাগে থাকা সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পেছনের রিকশায় থাকা চালের আড়তের অন্য দুই কর্মচারী আবদুল জলিল ও শওকত আলী ছিনতাইকারী আলমগীর হোসেন (২৭), জামাল হোসেন (৩৫) ও সালেক সরকারকে (২৫) ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যায়। পরে তিন ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়। এদিকে শামসুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। শামসুল বাড্ডার বেরাইতের বাসিন্দা। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।চালের আড়তের মালিক জাকির হোসেন প্রথম আলোকে জানান, উত্তর বাড্ডায় মেসার্স সাতারকুল রাইস এজেন্সি নামে তাঁর চালের আড়ত রয়েছে। নিহত শামসুল ইসলাম তাঁর মামা ও আড়তের ব্যবস্থাপক। ছিনতাইকারীরা তাঁর মামাকে হত্যা করে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে গেলেও দুই কর্মচারীর কাছে থাকা চার লাখ টাকা নিতে পারেনি। বাড্ডা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ভূঁইয়া বলেন, ছিনতাই হওয়া টাকা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।