চালের কেজি ২০ ও গম ১৫ টাকা রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লাখ দুই হাজার সরকারি কর্মচারীর কাছে রেশন কার্ডের মাধ্যমে চাল ও গম বিক্রির পরিকল্পনা চূড়ান্ত করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় প্রতি কেজি চাল ২০ ও গম ১৫ টাকা করে রাখার প্রস্তাব করেছে। কার্ডপ্রতি ১৫ কেজি চাল ও গম দেওয়ার কথাও তাতে বলা হয়। চলতি মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক সপ্তাহে চালের দাম আরেক দফা বেড়েছে। সবচেয়ে নিম্নমানের সরু চালের দাম প্রতি কেজিতে দুই টাকা বেড়ে ৪০ ও মোটা চাল এক টাকা বেড়ে ৩৫ টাকা হয়েছে। প্রতি কেজি আটার দামও এক টাকা বেড়ে ৩৩ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসের ব্যবধানে মোটা চালের দাম সাড়ে ৭ শতাংশ, মাঝারি ও চিকন চালের দাম ৮ শতাংশ এবং আটার দাম ১১ শতাংশ বেড়েছে। আগামী রোববার খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠকে রেশনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি মাসের মধ্যে রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম শুরুর পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী রেশন চালুর জন্য খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিলে এ ব্যাপারে কার্যক্রম শুরু হয়। এ জন্য আলাদা ডিলার নিয়োগ করা হবে।খাদ্য বিভাগের তালিকা অনুযায়ী দুই লাখ ৬০ হাজার চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ও ৫৬ হাজার গ্রাম পুলিশের নামে তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে এই তালিকা থেকে তিন লাখ দুই হাজার কর্মচারীকে প্রাথমিকভাবে কার্ড দেওয়া হবে।গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতাদেরও এই তালিকায় যুক্ত করার সম্ভাবনা আছে। প্রত্যেকের জন্য সমপরিমাণ চাল বিক্রির প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। প্রতিটি সরকারি কর্মচারীর নাম, চাল উত্তোলনের এলাকা ও ঠিকানা তালিকাভুক্ত করার কাজ চলছে। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চালের দামের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের কথা চিন্তা করে রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ এবং খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের মধ্যে তা শুরু হবে। অন্যদিকে হতদরিদ্র মানুষের জন্য ১১ লাখ ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকতা শুরু হতে দেরি হওয়ায় আগামী রোববার থেকে ভোক্তারা কার্ডের মাধ্যমে চাল কিনতে পারবেন। ফেয়ার প্রাইসের ডিলাররা এরই মধ্যে সরকারি খাদ্যগুদাম থেকে চাল তোলা শুরু করেছেন।অন্যদিকে গত দুই দিনে সারা দেশে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস) সম্প্রসারণ করা হয়েছে। রাজধানীর সিটি করপোরেশন এলাকায় ওএমএস ট্রাকের সংখ্যা ৮৫, সাভার-টঙ্গী, কেরানীগঞ্জে ২০টি করে, নারায়ণগঞ্জ-গাজীপুর ও নরসংদীতে ১০টি করে ট্রাক নামানো হয়েছে।বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে ২৫, খুলনায় ২০, রংপুর, বরিশাল ও সিলেটে ১৫টি করে ট্রাক নামানো হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়েছে।ওএমএসের মাধ্যমে মাথাপিছু পাঁচ কেজি ও ফেয়ার প্রাইসে ২০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। দাম রাখা হচ্ছে কেজিপ্রতি ২৪ টাকা। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে ওএমএস ট্রাকের সামনে প্রতিদিনই চাল নিতে আসা মানুষের ভিড় বাড়ছে।