চালের দাম অস্বাভাবিক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার রামপাল উপজেলা সদরের ভ্যানচালক খাদেম আলী শেখের আয় দিনে ৮০ থেকে ১০০ টাকা। মাসখানেক আগেও এই আয় দিয়ে দুই কেজি চাল কিনে তেল-লবণ ও সবজি কিনতে পারতেন। এখন চালের দর ৩৪ টাকা কেজি। চাল কিনতেই পয়সা ফুরোয়, সবজি-তেল কেনা যায় না। রামপাল সদরের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে খাদেম আলী দীর্ঘশ্বাস ছেড়ে আরও বললেন, ‘এইভাবে জিনিসপত্রের দাম বাড়তি থাকলি পরিবারসুদ্ধ না খায়ে থাকতি হবে।’সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে দেশের গরিব মানুষের প্রধান খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। যেমন—সাধারণ মানুষের তিনবেলার প্রধান খাদ্য চাল ও আটার দাম বেড়েছে প্রায় ৪৪ ও ৫২ শতাংশ করে। আবার মধ্যবিত্তদের চিকন চালের দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। ভোজ্যতেলের মধ্যে সয়াবিন ১৮ ও পাম তেলের দাম বেড়েছে ৩৫ শতাংশ।বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন মনে করেন, গ্রামে কৃষিশ্রমিকের মজুরি এখন ১৫০ টাকা। পাশাপাশি ধানের দাম বাড়ায় কৃষকেরাও লাভের মুখ দেখছেন। এ কারণে শিল্পশ্রমিকদের তুলনায় আড়াই কোটি গ্রামীণ কৃষিশ্রমিক পরিবার ভালো আছে। তাই মূলত শিল্পশ্রমিক ও দুর্যোগপ্রবণ এলাকাগুলোর জন্য বছরব্যাপী সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অল্প দামে চাল বিক্রির কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। টিসিবির মাধ্যমে ওই এলাকাগুলোতে ভোজ্যতেল, ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করা প্রয়োজন।পণ্যমূল্য ও নির্বাচনী ইশতেহার: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বছরে দ্রব্যমূল্যের পরিস্থিতি ছিল অনেকটাই স্থিতিশীল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের মাঝামাঝি থেকে শুরু করে ২০০৮ সালের প্রায় শেষ পর্যন্ত নিত্যপণ্যের মূল্য বেড়েছিল অস্বাভাবিক হারে। তবে বর্তমান সরকারের সময়ে ২০০৯ সালে অনেক পণ্যের দাম কমলেও ২০১০ সালে এসে আবার বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে প্রায় এক মাস ধরে চালের বাজার বেশি অস্থির। এতে চালের বাজার আবার ২০০৮ সালের পর্যায়েই প্রায় চলে গেছে।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাঁচটি অগ্রাধিকারের মধ্যে সবার আগে ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ। সেখানে বলা ছিল, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা নেওয়া হবে। মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।’ ইশতেহারে অঙ্গীকার থাকলেও চালের বাজার নিয়ে বিপাকে আছে দেশের সীমিত আয়ের অসংখ্য গরিব মানুষ।মূল্যস্ফীতি পরিস্থিতি: দেশে সাম্প্রতিক সময়ের মধ্যে উচ্চমূল্যস্ফীতির মধ্যে বসবাস শুরু হয়েছিল মূলত বিগত জোট সরকারের সময় থেকেই। ২০০১ সালে বিএনপি সরকার যখন ক্ষমতা নেয়, সে সময় গড় মূল্যস্ফীতি ছিল মাত্র ১ দশমিক ৯৪ শতাংশ। এর পর থেকেই ক্রমাগত বেড়েছে মূল্যস্ফীতি। যেমন ২০০১-০২ অর্থবছরে চলমান গড়ে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৭৯ শতাংশ, ২০০২-০৩ সময়ে গড় মূল্যস্ফীতি হয় ৪ দশমিক ৩৮ শতাংশ, ২০০৩-০৪ সময়ে ৫ দশমিক ৮৩ শতাংশ, ২০০৪-০৫ অর্থবছরে ৬ দশমিক ৪৮ শতাংশ এবং ২০০৫-০৬ সময়ে তা বেড়ে হয় ৭ দশমিক ১৬ শতাংশ। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭-০৮ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বেড়ে হয় ৯ দশমিক ৯৪ শতাংশ। এর পরের অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে হয় ৬ দশমিক ৬৬ শতাংশ। এরপর আবার মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।২০০৪-০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে গড়ে ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত। তবে একই সময়ে আয়বৈষম্য বাড়ায় মাথাপিছু আয়ের সুবিধা সীমিত আয়ের মানুষ পায়নি, বরং উচ্চমূল্যস্ফীতি আয়বৈষম্য বাড়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে।খাদ্যঝুঁকিতে থাকা জনগোষ্ঠী: বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ২০০৯ সালে পরিচালিত বাংলাদেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি নামের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে দুই হাজার ২২২ ক্যালরি গ্রহণ করতে হয়। এর চেয়ে কম ক্যালরি গ্রহণ করে, এমন জনগোষ্ঠীর সংখ্যা দেশে ছয় কোটি এক লাখ।এক হাজার ৮০০ ক্যালরির কম গ্রহণ করে, এমন জনগোষ্ঠীকে হতদরিদ্র বা ‘আলট্রাপুওর’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের সংখ্যা এক কোটি ২০ লাখ। এক হাজার ৬০০ ক্যালরির কম গ্রহণ করে, এমন মানুষকে চরম দরিদ্র বা ‘হার্ডকোর পুওর’ হিসেবে উল্লেখ করে ডব্লিউএফপির প্রতিবেদনটিতে বলা হয়েছে, এদের সংখ্যা তিন কোটি ১০ লাখ।পরিসংখ্যান ব্যুরোর ২০০৫ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বেশির ভাগ মানুষের দৈনিক আয়ের ৬০ থেকে ৬৫ শতাংশ ব্যয় হয় চাল কেনায়। আয় না বেড়ে চালের দাম বাড়লে এই জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। সব মিলিয়ে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যে প্রায় দুই কোটি খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।প্রায় ৩০ লাখ পোশাকশ্রমিক ও তাঁদের ওপর নির্ভরশীল ৯০ লাখ মানুষ, ছোট ব্যবসা, ভ্যান ও রিকশাচালক এবং শহরাঞ্চলে দিনমজুর হিসেবে কাজ করেন, এমন মানুষের সংখ্যা মিলিয়ে দুই কোটি হবে। এই হিসাব তুলে ধরে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, এই পরিবারগুলোর আয় মাসে গড়ে তিন হাজার টাকা। সুতরাং বলা যায়, ধান ও চালের দাম বাড়ায় শিল্পশ্রমিকেরা সমস্যায় পড়েছেন।টিসিবি বনাম বাজারদর: ব্যবসায়ীরা বরাবরের মতো আন্তর্জাতিক বাজারকে দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন। সরকারি সংস্থা টিসিবিও সয়াবিন তেল, মুসর ডাল, চিনি ও ছোলা কিনে তা ডিলারদের মাধ্যমে বিক্রি করছে। বাজারমূল্যের সঙ্গে টিসিবির বিক্রি করা পণ্যে দামের পার্থক্য ১০ থেকে ২০ টাকা।টিসিবির হিসাবে, গতকাল সোমবার বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ৮৭ থেকে ৯০ টাকা লিটার দরে বিক্রি হয়েছে। অথচ টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করছে ৭৮ টাকায়। বাজারে প্রতি কেজি চিনির দর ৫২ টাকা। অথচ টিসিবি প্রতি কেজি চিনি গড়ে ৪১ টাকায় আমদানি করে ৪৫ টাকায় বিক্রি করছে। নেপালি মুসর ডাল বাজারে প্রতি কেজি ১০০ থেকে ১০৫ টাকা। টিসিবি একই ডাল বিক্রি করছে ৭৮ টাকায়।তবে বাজারে প্রভাব সৃষ্টির জন্য টিসিবির পণ্য যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি টিসিবি বরাবরের মতো চলতি বছরেও লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য কিনতে পারেনি। ২০১০ সালের জন্য টিসিবি দেড় লাখ মেট্রিক টন চিনি, ৭২ হাজার মেট্রিক টন সয়াবিন তেল ও ২৫ হাজার মেট্রিক টন মুসর ডাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। টিসিবির গুদামে বর্তমানে নয় হাজার ৯১৯ টন চিনি, ১২ হাজার টন মুসর ডাল ও দুই হাজার ৫৫৯ টন সয়াবিন তেল রয়েছে। আরও ১৬ হাজার ৫০০ টন সয়াবিন তেল ও ২৪ হাজার ৭০০ টন মুসর ডাল কেনার জন্য চুক্তি করেছে টিসিবি।আজ থেকে উপজেলা পর্যায়ে ওএমএস: এদিকে চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ মঙ্গলবার উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। আইলা উপদ্রুত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও হাওর এলাকার জন্য বেশি বরাদ্দ দিয়ে ২৪ টাকা কেজি দরে এই চাল বিক্রি হবে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।খাদ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে সরকারি গুদামে ছয় লাখ ৬০ হাজার টন চাল ও এক লাখ ২০ হাজার টন গম রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে ১২টি জাহাজে করে আসা এক লাখ টন চাল ও ৯০ হাজার টন গম খালাস হচ্ছে। আমদানি-প্রক্রিয়ায় রয়েছে নয় লাখ টন চাল ও গম।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকারের কাছে যে পরিমাণ চাল ও গম আছে, তা দিয়ে আমন ধান ওঠার আগ পর্যন্ত খুব ভালোভাবে সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালানো যাবে। দেশে খাদ্যসংকটের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য কাবিখা ও ভিজিডি কার্যক্রমও শুরু হচ্ছে।