চালের দাম আর বাড়বে না: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে চালের দাম আর বাড়বে না বলে দাবি করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সাংসদ আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আরও চাল আমদানি করা হবে। তিনি বলেন, এরই মধ্যে নিম্ন আয়ের ৪০ লাখ মানুষকে কম দামে চাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে চলতি মৌসুমে চালের দাম আর বাড়ার আশঙ্কা নেই। এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, দেশে খাদ্যদ্রব্যের দাম এখন একটু বেশি।’ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়লেও দরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে এ সরকার বদ্ধপরিকর।