চালের দাম বাড়লেও, কমেছে শ্রমিকের মজুরি
দেশে গত ২০০৮ সালে এক কেজি মোটা চালের দাম ছিল ২৩ টাকা, ২০০৯ সালে তা বেড়ে হয়েছে ২৮ টাকা। আর বর্তমানে সেই চালের দাম হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকা। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও ঠিক একইভাবে বেড়েছে। কিন্তু সেখানে শ্রমিকের মজুরি ৫০ কেজি ওজনের ২০টি বস্তা বহনের জন্য ২০০৮ সালে দেওয়া হতো ১৯ টাকা, ২০০৯ সালে তা কমে হয় ১৭ টাকা। আর বর্তমানে সেই মজুরি নেমে আসে মাত্র ছয় টাকায়।ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের বিসিআইসি বাফার গোডাউনে শ্রমিকের মজুরির এই অস্বাভাবিক চিত্র পাওয়া গেছে। এ কারণে সেখানে বিরাজ করছে শ্রমিক অসন্তোষ। বর্তমানে নির্ধারিত মজুরির প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিবাদী শ্রমিকদের বরখাস্ত করেন। এর প্রতিবাদে সম্প্রতি গোডাউনের সামনে অবস্থান ধর্মঘট করে বরখাস্ত হওয়া শ্রমিকদের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা।ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বিসিআইসি বাফার গোডাউনের শ্রমিকেরা জানান, গোডাউনটিতে ঠিকাদারের মাধ্যমে ৬০-৭০ জন কুলিশ্রমিক কাজ করেন। ২০০৭-০৮ সালে সংশ্লিষ্ট ঠিকাদার তাঁদের এক টন (৫০ কেজির ২০টি বস্তা) সার গোডাউন থেকে ট্রাকে নিয়ে লোড করা বাবদ দিতেন ১৯ টাকা, ২০০৯-১০ সালে প্রতি টন লোড করা বাবদ পেয়েছেন ১৭ টাকা, আর ২০১০-১১ অর্থবছরের জুন থেকে দিচ্ছেন মাত্র ছয় টাকা। একজন শ্রমিক এক দিনে সর্বোচ্চ সাত টন পর্যন্ত বস্তা লোড ও আনলোড করতে পারেন। আগে আয় একটু বেশি থাকলেও বর্তমানে ১৪০টি বস্তা গোডাউন থেকে ট্রাকে লোড করে একজন শ্রমিকের সারা দিনের আয় হয় মাত্র ৪২ টাকা। আবার ৬০ থেকে ৭০ জন শ্রমিকের প্রত্যেকে প্রতিদিন নিয়মিত কাজও পান না। তাঁদের পালা করে কাজ করতে হয়। বাইরে থেকে সারের ট্রাক এলে তা গোডাউনে মজুদ করতে ২৫ টাকা টন হিসেবে শ্রমিকেরা পান। এ টাকাই মূলত তাঁদের ভরসা। কিন্তু গত সাত-আট মাসে নওপাড়া, ফেঞ্চুগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে ট্রাকে করে যে সার আসে, গোডাউন কর্তৃপক্ষের যোগসাজশে তা আনলোড না করেই বিতরণ দেখানো হয়। এতে করে কর্তৃপক্ষের ব্যক্তিগত লাভ হয় কিন্তু বঞ্চিত হন কুলিশ্রমিকেরা।কুলিশ্রমিকেরা আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদার ও গোডাউন কর্তৃপক্ষের কোনো কাজের প্রতিবাদ করলেই শ্রমিকদের ভাগ্যে জোটে কিল, ঘুষি, লাথি আর অকথ্য গালাগাল। এখানেই শেষ নয়। পরে তাঁদের কাজ থেকেই ছাঁটাই করে দেওয়া হয়। শ্রমিকেরা জানান, ৫ অক্টোবর কয়েকজন শ্রমিক মজুরির প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয়। এরপর কাজ থেকে বের করে দেওয়া হয় সর্দারসহ ১৩ জন শ্রমিককে। সেই জায়গায় নেওয়া হয় ঠিকাদারদের পছন্দের নতুন শ্রমিক। এরই প্রতিবাদে বরখাস্ত হওয়া শ্রমিকদের স্ত্রী ও পরিবারের সদস্যরা গোডাউনের সামনে অবস্থান নেয়। তারা নতুন শ্রমিকদের ভেতরে যেতে বাধা দেয়। এ সময় শ্রমিকসর্দার খায়রুলের বৃদ্ধ মা খাদিজা খাতুন (৬০) নতুন শ্রমিকদের বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। মারধর করা হয় আবদুল খালেকের স্ত্রী জোলেখা বেগমকে (৪০)। এ ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।১০ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিসিআইসি বাফার গোডাউনে গিয়ে দেখা যায়, বরখাস্ত হওয়া শ্রমিকেরা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বসে আছেন। আর মূল গেটে বসে আছেন বরখাস্ত হওয়া শ্রমিকদের স্ত্রী ও পরিবারের সদস্যরা। কেমন আছেন আপনারা, জিজ্ঞেস করতেই শীবগঞ্জ কুলিশ্রমিক সভাপতি খায়রুল ইসলামের স্ত্রী জোলেখা বেগম বলেন, ‘এ অবস্থায় কীভাবে ভালো থাকতে পারি বলেন? মজুরি বেশি চাওয়ায় আমার স্বামীসহ আরও শ্রমিকদের কাজ থেকে বের করে নতুন শ্রমিক নিয়েছে। ঠিকাদার আমাদের হুমকি দিচ্ছে। তারা বলছে, আমার স্বামীকে মেরে ফেলতে যত টাকা প্রয়োজন তা খরচ করা হবে। এ অবস্থায় ছেলেমেয়ে নিয়ে আতঙ্কে দিন কাটছে।’কুলিশ্রমিক ফজলু, আ. মতিন, সহিদুল ইসলাম, খালেকসহ কয়েকজন জানান, গত জুলাই মাসের দিকে ঠিকাদার মঞ্জুর আলম তাঁদের জানান যে তিনি কম রেটে কাজ নিয়েছেন। তাই ছয় টাকা টন হিসেবে কাজ করতে হবে। এতে শ্রমিকেরা প্রতিবাদ জানান এবং দাবি তোলেন, এমন কম মূল্যের টেন্ডার বাতিল করা হোক। তখন ঠিকাদার মঞ্জুর আলম এলাকায় মাইকিং করে ওই ছয় টাকা টন মূল্যেই তাৎক্ষণিকভাবে প্রায় ৩০ জন শ্রমিক নেন। বেশি লাভের আশায় এলাকার শ্রমিকেরা সেখানে কাজ শুরু করেন। শ্রমিক আনসার জানান, গত জুলাই থেকে কাজ করে কোনো দিনও সেখানে ৬০ থেকে ৭০ টাকার বেশি আয় করতে পারেননি। ধারকর্জ করে ও সুদের ওপর টাকা নিয়ে সংসার চালাচ্ছেন।এ ব্যাপারে শিবগঞ্জ বাফার গোডাউনের ইনচার্জ আসাদুজ্জামান খান জানান, আগের অর্থবছরে শ্রমিক সরবরাহের ঠিকাদাররা একটু বেশি দরে শ্রমিক সরবরাহের কাজ করেছেন। এতে শ্রমিকেরা বেশ লাভবান হয়েছেন। বর্তমানে সংশ্লিষ্ট ঠিকাদার শ্রমিকদের ছয় টাকা টন হিসাবে দিচ্ছেন। এ সম্পর্কে ইনচার্জ বলেন, বিষয়টি সত্যিই অমানবিক। বর্তমান ঠিকাদার মঞ্জুর আলম প্রতি টন সার লোড করা শ্রমিক সরবরাহ বাবদ ১০ দশমিক ৭০ টাকা দরে কাজ পেয়েছেন। বাইরে থেকে আসা ট্রাকের সার আনলোড না করেই অন্য জায়গায় সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগ সম্পর্কে ঠিকাদার মুঠোফোনে, মৌসুম চলাকালে যখন খুব ভিড় থাকে, তখন হয়তো কোনো কোনো সময় এমন করা হয়। তবে আনলোডের টাকা শ্রমিকেরা ঠিকমতোই পান। এ ক্ষেত্রে টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন তিনি। ঠিকাদার আরও জানান, এখন প্রতিযোগিতার বাজার চলছে। তাই কম রেটে কাজটা নিতে হয়েছে। প্রতি টনে ছয় টাকা হিসাবে দেওয়া হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। ভ্যাট, আয়কর ও বিল আনতে যেতে হয় আশুগঞ্জে। তারপর রয়েছে নিজের লাভ। সব মিলিয়ে ছয় টাকা হিসাবেই দর দিলে আমার পোষায়। তাই আমি এই দর ঠিক করেছি। এটা অমানবিক এবং শ্রমিক নির্যাতন, ফলশ্রতিতে শ্রমিক অসন্তোষের মত প্রসঙ্গ এড়িয়ে তিনি জানান, আসলে ঠিকাদারি কাজ খুব কঠিন। তবে সব মিলিয়ে বিষয়টি ঠিকই আছে বলে তিনি দাবি করেন।