প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ খুন করে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শান্তি কায়েম করে। গত আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতা ছাড়ার সময় চালের দাম প্রতি কেজি ১০ টাকা ছিল। কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর দাম প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা হয়। এর জন্য তাদের জবাবদিহি করতে হবে।প্রধানমন্ত্রী গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, সাংসদ সারাহ্ বেগম কবরী, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ আল কায়সার প্রমুখ। বিপুলসংখ্যক মানুষ জাহাজ, লঞ্চ, নৌকা, ফেরি ও ট্রলারে চড়ে শীতলক্ষ্যাতীরের এই জনসভায় আসে। রং-বেরঙের পতাকায় সাজানো হয় সমাবেশস্থল ও নৌযানগুলো। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে যায় পুরো এলাকা।জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন।বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময়ই খাদ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চাই। বিদেশ থেকে ৪০-৪৫ টাকা কেজি দরে চাল কিনে এনে ওএমএসের মাধ্যমে ২৪ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।’ তিনি বলেন, দেশে ১১ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের জন্য কেউ কষ্ট পাবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সারের দাম তিনবার কমানো হয়েছে। সেচেও ভর্তুকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার তাদের পাঁচ বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। অথচ আওয়ামী লীগ গত দুই বছরে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাবার আদর্শের রাজনীতি করি। প্রয়োজনে মা, বাবা, ভাইয়ের মতো রক্ত দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব।’ প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ক্ষমতায় এসেই মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা মূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করতে যাতে কোনো কষ্ট না হয়, সে ব্যবস্থা করা হবে। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়েছে। হতদরিদ্র ব্যক্তিদের জন্য বিনা মূল্যে খাদ্য দেওয়া হচ্ছে। বেকারত্ব নিরসনের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে জামানত ছাড়াই এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর অনেকে ঘুমাতে পারেনি। ব্যবসায়ীরা চাঁদাবাজির জন্য ব্যবসা করতে পারেনি। তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা বলেন, ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মাধ্যমে নেতা-কর্মীদের হত্যা করা হয়। শামীম ওসমানসহ অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ একসময় ব্যবসা-বাণিজ্যে প্রাণচঞ্চল ছিল। সেই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে। শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হচ্ছে। নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন করার প্রক্রিয়া চলছে। ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করার জন্য সড়ক চার লেনে উন্নীত করা হবে।