চালের দাম ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে: কৃষিমন্ত্রী
বর্তমানে চালের দাম ‘ভারসাম্যপূর্ণ অবস্থায়’ আছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ রোববার খাদ্যনিরাপত্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, চালের দাম এর চেয়ে কমলে কৃষক উত্পাদনে আগ্রহ হারিয়ে ফেলবে।দাতা সংস্থা ইউএসএআইডির সহায়তায় এশিয়া ফাউন্ডেশন রাজধানীর রূপসী বাংলা হোটেলে ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কমানোতে ২০০৯ সালে কৃষকেরা কৃষিকাজ ছেড়ে দেবেন—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগের এর আগের মেয়াদে মোটা চালের কেজি ছিল ১০ টাকা। বিএনপির আমলে তা অনেক বেড়ে যায় এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৪৫ টাকায় ওঠে। বর্তমান সরকার ক্ষমতায় এসে দাম আবার কমিয়েছে। এখন মোটা চাল ৩২-৩৪ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও কমালে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।কৃষিমন্ত্রী লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের জন্য কৃষিবিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে দক্ষিণাঞ্চল হবে কৃষি এলাকা। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পিছিয়ে থাকার জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে দায়ী করেন মন্ত্রী।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। তিনি বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে, ভূমি কমছে, তবে ফসল উত্পাদন বাড়ছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন কৃষি উত্পাদনে নেতিবাচক প্রভাব যেমন ফেলবে, তেমনি ইতিবাচক প্রভাব ফেলারও কিছু সম্ভাবনা আছে। এসব বিষয় মাথায় রেখে কাজ ও পরিকল্পনা করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান। এ ছাড়া কমিটির একাধিক সদস্য ও সরকার এবং বিরোধীদলীয় কয়েকজন সাংসদ আলোচনায় অংশ নেন।