চালের বাজার অস্থির
বোরোর উৎপাদন ভালো হয়েছে বলে সরকারের দাবি। আন্তর্জাতিক বাজারেও চালের দর এখন গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ চালের ভরা মৌসুমেই দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে।গত এক সপ্তাহে গরিব মানুষের খাদ্য মোটা চালের দাম বেড়েছে মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা। এর ফলে সীমিত আয়ের মানুষের খাদ্য-বাজেটেও চাপ পড়েছে। অথচ বোরো মৌসুমের চাল ওঠার এই সময়টায় প্রতিবছরই চালের দাম কমতির দিকে থাকে। আর এবার হয়েছে উল্টো। একদিকে মাঠে বোরো ধান কাটার ধুম, হাট-বাজারে চালের সরবরাহ বাড়ছে, আবার দামও বাড়ছে।মূলত সরকারি সংগ্রহ অভিযানের ক্ষেত্রে প্রতি কেজি চালে তিন টাকা উৎসাহ বোনাস ঘোষণা দেওয়ার পরদিন থেকেই সারা দেশে চালের দাম বাড়তে শুরু করেছে। প্রতিবার আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বাজারে চালের দাম বাড়লেও, এবারের কারণ অভ্যন্তরীণ নীতি।এরই মধ্যে আবার বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির পক্ষ থেকে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সব চালকলের মালিকদের প্রতি কেজি চালে তিন টাকা উৎসাহ বোনাস দেওয়া না হলে এক সপ্তাহের মধ্যে তাঁরা সারা দেশে চাল সরবরাহ বন্ধ করে দেবেন বলেও হুমকি দিয়েছেন। তিন টাকা সংগ্রহমূল্য বাড়ানোর কারণে সব দিক থেকেই অস্থির হয়ে উঠেছে চালের বাজার।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন মনে করেন, সরকারের উৎসাহমূল্য ঘোষণার সিদ্ধান্তটাই সঠিক হয়নি। এ কারণে চালকলের মালিকেরা এখন সরকারকে জিম্মি করে দাম বাড়াচ্ছেন। এ বছর ধান-চালের বাজার কিছুটা বাড়তির দিকে—এই মন্তব্য করে তিনি বলেন, সরকারের উচিত অভ্যন্তরীণ বাজারে দাম না বাড়িয়ে বিদেশ থেকে চাল ও গম আমদানি করা। তাঁর মতে, সংগ্রহমূল্য যত বাড়ানো হবে, চালের দাম ততই বাড়বে।আন্তর্জাতিক পরিস্থিতি: আন্তর্জাতিক সবগুলো সংস্থাই চালের বিশ্ববাজারকে স্থিতিশীল বলে মনে করছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বলেছে, এবার বিশ্ববাপী চালের উৎপাদন বাড়ছে চার শতাংশ এবং চাল উৎপাদনকারী শীর্ষ ১০ দেশ হচ্ছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, জাপান, ফিলিপাইন ও ব্রাজিল। এর মধ্যে চাল রপ্তানিকারক দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে চালের রপ্তানিমূল্য আয়ত্তের মধ্যে। পাশের দেশ ভারতেও এবার বাম্পার ফলন হচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কম্পোডিয়ায় চালের দর এখন ৩১০ ডলার। ভিয়েতনামে এই দর ৩২৫ থেকে ৩৬০ ডলারের মধ্যে। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ডেও এখন চালের দর তুলনামূলকভাবে কম।বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশে চালের দাম বেড়েছিল। বিশেষ করে ২০০৭ ও ২০০৮ সালে চালের দর ছিল সর্বোচ্চ। এ সময় দেশেও চালের দাম বাড়তে থাকে। পরে ২০০৯ সালে বিশ্বমন্দার সময়ে বিশ্ববাজারে চালের দাম কমে যাওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়ে। চলতি বছরে দেশের মধ্যে অভ্যন্তরীণ নীতির কারণে বাজার আবার চড়া হতে শুরু করেছে।উৎপাদন পরিস্থিতি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বেশির ভাগ এলাকায় ধান কাটা শেষ হয়ে গেছে। এ বছর এক কোটি ৮০ লাখ টন চাল উৎপাদন হবে বলে সংস্থাটি আশা করছে। গত আমন মৌসুমে এক কোটি ৩০ লাখ টন চাল উৎপাদন হয়েছে। এই চালের বেশির ভাগই ধীরে ধীরে বাজারে আসছে। ফলে আগামী দিনগুলোতে বাজারে ধান-চালের সংকটের কোনো আশঙ্কা নেই বলে সরকারি সূত্রগুলো মনে করছে।খাদ্য অধিদপ্তর যে ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছে, তার বেশির ভাগই আগামী রোজার আগে দেশে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মধ্যে ভারত থেকে চার লাখ টন গম ও এক লাখ টন চাল রমজানের আগে দেশে পৌঁছাবে বলে এখন বাংলাদেশ সফররত ভারতীয় প্রতিনিধিদলটি নিশ্চিত করেছে।বাড়ছে চালের দাম: বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ দিনে সব ধরনের চালের দাম প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। মোটা চালের মধ্যে পারি এক হাজার ২২০ থেকে এক হাজার ৩২০ টাকা, বুটি পারি এক হাজার ১৮০ থেকে এক হাজার ২৩০, মোটা নাজির এক হাজার ১৮০ থেকে এক হাজার ২২০, রোহনপুরের গুটি এক হাজার ১৮০ থেকে এক হাজার ২২০, বিআর-২৮ এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০, নাজিরশাইল এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৬০০ এবং মিনিকেট এক হাজার ৩৮০ থেকে এক হাজার ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ হোসেন প্রথম আলোকে জানান, সরকার প্রতি কেজি চাল সংগ্রহের ক্ষেত্রে তিন টাকা উৎসাহ বোনাস ঘোষণা করার দুই দিনের মধ্যে প্রতি মণে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।এক সপ্তাহের আলটিমেটাম: গত শুক্রবার দেশের চালকল মালিকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি সভা করে সরকারি গুদামে আর চাল সরবরাহ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। গত ৪ জুলাই সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় প্রতি কেজি চালের সংগ্রহমূল্যের সঙ্গে তিন টাকা করে উৎসাহ বোনাস ঘোষণা করার পরিপ্রেক্ষিতে সংগঠনটি থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।সরকারের সঙ্গে চুক্তি হওয়া সব চালকলকেই প্রতি কেজি চালের সংগ্রহমূল্যের ক্ষেত্রে তিন টাকা দেওয়ার দাবি তুলেছে মিল মালিক সমিতি। তারা বলেছে, তা না দিলে এক সপ্তাহ পরে সারা দেশে চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৭ হাজার চালকল এই সমিতির সদস্য। সংগঠনটি দাবি করেছে, তারা দেশের মোট চালের ৬৫ শতাংশ সরবরাহ করে। বিশেষ করে মোটা চালের ৪০ শতাংশ সরবরাহ করে নওগাঁর চালকলগুলো।নওগাঁ ধান-চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নিরদ বরণ সাহা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার চালের উৎসাহ বোনাস ঘোষণার পরপরই ঢাকা ও চট্টগ্রামে চালের দাম বেড়ে গেছে। হাটগুলোতেও ধানের দাম বেড়েছে। কেন সরকার এই সিদ্ধান্ত নিল তা পরিষ্কার নয়।বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহ্বায়ক এ কে এম লায়েক আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করার জন্য লোকসান দিয়ে গুদামে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেছি। আর যারা সরকারের সঙ্গে অসহযোগিতা করে গুদামে চাল দেয়নি, তাদের প্রতি কেজিতে তিন টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সরকার ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ১৫ হাজার চালকলের সঙ্গে পাঁচ লাখ টন চাল সংগ্রহের চুক্তিও হয়। চালকলের মালিকেরা প্রথম তিন মাসের মধ্যে মাত্র দুই লাখ ৬৩ হাজার টন চাল সরকারি গুদামে সরবরাহ করেন। বাজারে ধানের দাম বেড়ে গেছে—এই যুক্তি দিয়ে তাঁরা সরকারের কাছে চালের সংগ্রহমূল্য বাড়ানোর দাবি তোলেন।৪ জুলাই খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় চুক্তি হওয়ার পরেও সরকারি গুদামে সরবরাহ করা হয়নি এমন দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে প্রতি কেজিতে তিন টাকা উৎসাহ বোনাস ঘোষণা করা হয়।