চালের ১০ আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা বাজার মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে ২০ জানুয়ারি শহরের বিভিন্ন চালের আড়তে অভিযান পরিচালনা করে। এ সময় চালের আড়তগুলোতে বিভিন্ন ধরনের অনিয়ম, মূল্যতালিকা না থাকা, কেনাবেচার রসিদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১০টি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানা করা চালের আড়তগুলো হলো মেসার্স শচীন্দ্র নাথ সাহা, সোনালি খাদ্যভান্ডার, মেসার্স পলাশ কুমার সাহা, শ্যাম ভান্ডার, মেসার্স ইউনুস আলী খান, মেসার্স নিত্য গোপাল সাহা, মেসার্স একেএম কামরুজ্জামান, মেসার্স আবদুল মালেক মিয়া, সোহেল রাইচ এজেন্সি ও মেসার্স শ্রীনাথ রায়।এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। র্যাব ও পুলিশের সদস্য ছাড়াও দলে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবানী ভট্টাচার্য, জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, মনিটরিং কমিটির সদস্য মোকাররম মিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, শাহরীয়ার মতিন ও শামীমা খন্দকার।জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘উত্পাদন কম হওয়া, প্রতিকূল আবহাওয়া, অধিক মুনাফার আশায় সংরক্ষণ করা, অধিক হারে আড়তদারি কমিশন নেওয়াসহ নানা কারণে চালের দাম বাড়ছে। তবে দেশে বর্তমানে খাদ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। মিলার, ফড়িয়া ও ব্যাপারিরা কেনাবেচার ক্ষেত্রে কোনো রসিদ না দেওয়ায় আড়ত থেকে খোলাবাজারে বিক্রির ক্ষেত্রে দামের ব্যবধান জানা কষ্টসাধ্য হয়ে যায়।’