চাষাবাদে লাইভ পারচিং পদ্ধতি জনপ্রিয় হচ্ছে
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাকৃতিক উপায়ে ধানখেতে ক্ষতিকারক পোকা দমনে লাইভ পারচিং বা ধনচেগাছ লাগানো জনপ্রিয় হয়ে উঠছে। এ প্রযুক্তি ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি দূষণমুক্ত চাষাবাদ করাও সম্ভব।পাঁচবিবি কৃষি অধিদপ্তর ও কৃষকদের সূত্রে জানা গেছে, লাইভ পারচিং পদ্ধতিতে ধানের বীজতলা তৈরির সময় ধনচের চারাও লাগানো হয়। এক বিঘা জমিতে ২০-২৫টি ধনচের চারা রোপণ করতে হয়। ধনচেগাছ সবুজ ডালপালাসহ ছায়া বিস্তার করে। এসব গাছে সহজেই পাখি বসে। এসব পাখি খেতের পোকা ধরে খায়। চলতি আমন মৌসুমে রামচন্দ্রপুরের গোলজার হোসেন দুই একর, বীরনগরের আবু তালেব চৌধুরী ২০ একর, কেশবপুরের আবদুর রহমান এক একর, হরেন্দার লোকমান হোসেন এক একর এবং সোনাকুলের ইসমাইল এক একর জমিতে এ পদ্ধতিতে আবাদ করেছেন। তাঁরা জানান, ধনচেগাছে পাখি বসে, পোকা ধরে খায়।এতে পরিবেশ দূষণমুক্ত থাকে। উৎপাদন খরচ সাশ্রয় হয়। জ্বালানির জন্য খড়ির জোগান পাওয়া যায়। এ ছাড়া ধনচের শেকড় ও পাতা থেকে জৈব সার হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল ওয়াদুদ জানান, চলতি মৌসুমে আমনের খেত মাজরা পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা করতে উপজেলার আটটি ইউনিয়নের ২০ দশমিক ৮৪০ হেক্টর জমিতে আমন ধান আবাদের মধ্যে দুই হাজার ২৫০ হেক্টর জমিতে দেড় হাজার কৃষক ধনচেগাছ লাগিয়েছেন।