চাহিদা কম, সরবরাহ বেশি তবু মোটা চালের মূল্যবৃদ্ধি
রমজান মাসে চালের চাহিদা সাধারণত কম থাকে। ফলে আমদানিও হয় কম। তবে অন্যান্য বছরের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ে এবার চাল আমদানির পরিমাণ বেশি। এর পরও বাজারে নিম্ন আয়ের সাধারণ মানুষের খাদ্য মোটা চাল ও সাধারণ মানের আতপ চালের দাম বেড়েছে।জানা গেছে, গত আড়াই মাসে চাল আমদানি হয়েছে দুই লাখ ১৫ হাজার টন। চট্টগ্রাম বন্দরে এখন ছয়টি জাহাজে বেসরকারি খাতের ৪২ হাজার ৬৯২ টন চাল খালাস হচ্ছে।পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের শুরুতে পাইকারি বাজারে নিম্ন আয়ের সাধারণ মানুষের খাদ্য মোটা সেদ্ধ চালের কেজিপ্রতি দাম ছিল সাড়ে ২৭ টাকা। এখন এই চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৯ টাকায়। আমদানি করা আতপ চালের দাম ছিল ২৬ টাকা ১২ পয়সা, এখন বেড়ে বিক্রি হচ্ছে ২৭ টাকা ৬০ পয়সায়।পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব গত সপ্তাহে খুচরা বাজারে পড়েছে। খুচরা বাজারে মোটা সেদ্ধ চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। একইভাবে ভিয়েতনাম ও পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল বিক্রি হচ্ছে ২৯ টাকায়।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গমের দাম বাড়লে চালের ওপর প্রভাব পড়ে। মূলত এ কারণে চালের দাম বেড়েছে। কারণ, গমের কিছু ক্রেতা এখন চাল কেনার দিকে ঝুঁকছে।মাহবুব মনে করেন, আমনের মৌসুমে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলে অক্টোবরের আগে বড় চাষিরা নিজেদের মজুদ চাল বাজারে ছেড়ে দেবেন। তখন সরবরাহ বাড়লে দাম বাড়ার সুযোগ থাকবে না। এ মুহূর্তে আমদানির মাধ্যমে চালের সরকারি মজুদ বাড়াতে হবে। অভ্যন্তরীণ সংগ্রহ কম হওয়ায় সরকার এখন সে চেষ্টাই করছে।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গমের বাজার অস্থির এবং পাকিস্তানে বন্যার কারণে আন্তর্জাতিক বাজারে চালের দাম সামান্য বেড়েছে। তবে এখনো গত বছরের চেয়ে বিশ্ববাজারে চালের দাম অনেক কম। বাজারে ভালো দাম থাকায় বেসরকারি খাতেও আমদানি হচ্ছে চাল।চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জুন-জুলাইয়ে বাজারদরের চেয়ে বিশ্ববাজারে দাম কম থাকায় চাল আমদানি বেড়ে যায়। এ সময়ে আমদানিকারকেরা ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমারে অন্তত দুই লাখ টন চাল আমদানির ঋণপত্র খুলেছেন। এর মধ্যে গত আড়াই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে বেসরকারিভাবে ৯০ হাজার টন চাল আমদানি হয়েছে।অভ্যন্তরীণ সংগ্রহ কম হওয়ায় সরকারও আমদানির মাধ্যমে মজুদ বাড়ানোর চেষ্টা করছে। ভিয়েতনাম ও ভারত থেকে চাল কেনার প্রক্রিয়া চলছে। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সালাহ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, গত আড়াই মাসে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে এক লাখ ২৫ হাজার টন চাল খালাস হয়েছে। ভিয়েতনাম থেকে আসছে আরও এক লাখ টন চাল। গত কয়েক বছর এই সময়ে এত বেশি চাল আমদানি হয়নি।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পাকিস্তানে বন্যা এবং মিয়ানমার রপ্তানি কমিয়ে দেওয়ায় এখন চাল আসছে শুধু ভিয়েতনাম থেকে। ভিয়েতনামে চালের দামও বেড়েছে। বন্দরে এখন টনপ্রতি ৩৫০-৩৭০ ডলার দামে কেনা চাল খালাস হচ্ছে। এর চেয়ে বেশি দামে কেনা চাল এখনো বন্দরে আসেনি।খাতুনগঞ্জের ব্যবসায়ী ও চাল আমদানিকারক আবদুস সালাম বলেন, বাজারে বেসরকারি খাতে চালের পর্যাপ্ত মজুদ আছে। যে হারে চাল আমদানি হচ্ছে, তা ধরে রাখতে পারলে আমন মৌসুমের আগ পর্যন্ত বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকবে।চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও চাল আমদানিকারক নুরুল আলম বলেন, দাম বাড়ার পর ভিয়েতনামের কিছু রপ্তানিকারক কম দামে কেনা চাল সরবরাহ দিতে চাইছেন না। অন্তত ৮০ হাজার টন চাল এখনো সরবরাহ পাননি আমদানিকারকেরা। সরকার হস্তক্ষেপ করলে এসব চালের সরবরাহ পাওয়া যেতে পারে।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দাম সামান্য বাড়িয়ে দেওয়ার পর দুটি চালানে ১৬ হাজার টন চাল সরবরাহ করতে রাজি হয়েছেন ভিয়েতনামের একজন রপ্তানিকারক। বাকি চাল সরবরাহের বিষয়ে রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়ীরা দরকষাকষি করছেন।