চাহিদা না থাকায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি কমেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চাহিদা সৃষ্টি না হওয়ায় বিদেশে বাংলাদেশি জনশক্তি রপ্তানি কমেছে। সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ এর সুফল পাওয়া যাবে এ ব্যাপারে মন্ত্রী কিছু বলেননি। দক্ষিণ কোরিয়া সফর শেষে আজ রোববার মন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়ার সফর ইতিবাচক হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া একটি সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশের অনেক কর্মী সেখানে গিয়ে বেশি বেতনের লোভে তিন মাসের মাথায় অন্য কোম্পানিতে যোগ দেন। এতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তবে আর এমন হবে না বলে ওই দেশের সরকারকে আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে।এখন থেকে কোনো বাংলাদেশি শ্রমিক দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে তাঁর কাছ থেকে লিখিত নেওয়া হবে। শর্ত অনুযায়ী সেখানে সুনির্দিষ্ট কারণ ছাড়া তাঁরা কোম্পানি বদলাতে পারবেন না। যদি বদলায় তাহলে তাঁকে জরিমানা করা হবে বা দেশে ফিরিয়ে আনা হবে। অভিবাসন ব্যয় অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খরচ বেশি হওয়ায় শ্রমিকেরা সেই খরচ তুলতে গিয়ে নির্দিষ্ট সময়ের বেশি সময় বিদেশ থাকেন। ফলে তাঁরা অবৈধ হয়ে পড়েন। সরকারের পক্ষ থেকে অভিবাসন খরচ কমানোরা চেষ্টা করা হচ্ছে। কিন্ত বারবার বলার পরও বায়রার নেতারা এ বিষয়ে সহযোগিতা করছেন না।