চাহিদাহীন বাজারে জোগানের ঘোষণায় বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে প্রায় দুই মাস ধরে অব্যাহত দরপতন চলছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, লোকসান কমাতে বিনিয়োগকারীরা এখন যেই দাম পাচ্ছেন, সেই দামেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন। কোনো কোনো দিন ভালো-খারাপনির্বিশেষে অনেক কোম্পানি ক্রেতাহীন হয়ে পড়ায় শেয়ার বিক্রিও করা যাচ্ছে না। এ অবস্থায় বাজার বিশ্লেষকেরা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শেয়ারের চাহিদা সৃষ্টির ওপর জোর দিয়ে আসছিলেন। কিন্তু সেই পথে না গিয়ে সরকার উল্টো নতুন করে বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার প্রতিক্রিয়ায় গতকাল রোববার সপ্তাহের প্রথম লেনদেন দিবসে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। আর এতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বরাবরের মতো দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর করেছেন। সরকার গত বৃহস্পতিবার ২১টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার ছাড়ার দিনক্ষণ নতুনভাবে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো কোম্পানি আসতে ব্যর্থ হলে, সেসব কোম্পানির প্রধানদের পদত্যাগ করতে হবে বলেও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানালেও বাজারের বর্তমান পরিস্থিতি সরবরাহ বাড়ানোর সঠিক সময় নয় বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।যোগাযোগ করা হলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাজারে যখন শেয়ারের তীব্র চাহিদা ছিল, তখন সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিলে তা যথার্থ হতো। কিন্তু চাহিদা কমে যাওয়ার পর শেয়ারের জোগান বাড়ানোর সরকারের নীতি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না।’ তিনি বলেন, অবশ্য বাজার স্থিতিশীল হওয়ার পর শেয়ার সরবরাহ বাড়ানো হলে তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হবে।মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরিফ খান বলেন, যেকোনোভাবেই হোক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন মুখ্য ব্যাপার। সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ মিলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে হবে, যাতে তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে শেয়ার বিক্রি করে না দেন। প্রয়োজনে তহবিল গঠন করে বাজারকে সমর্থন দিতে হবে। তিনি বলেন, গত কয়েক বছরের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যথেষ্ট মুনাফা করেছে। কিন্তু প্রয়োজনের সময় তারা সমর্থন দিচ্ছে না। তারাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করছে, এটা অত্যন্ত দুঃখজনক।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেনের প্রথম থেকেই দরপতন শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিটে স্টক এক্সচেঞ্জটিতে মূল্যসূচক ২৫০ পয়েন্টের বেশি কমে যায়। এ সময় লেনদেন হওয়া সব কোম্পানিই ছিল দাম কমার তালিকায়। দেশের পুঁজিবাজারের ইতিহাসের প্রায় বিরল এ ঘটনায় হতবাক হয়ে পড়েন বিনিয়োগকারীরা। একপর্যায়ে তাঁরা রাস্তায় নেমে এসে বরাবরের মতো বিক্ষোভ শুরু করেন। এ সময় ডিএসইর সামনের মধুমিতা ভবনসহ কয়েকটি ভবন থেকে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তবে পুলিশ এ সময় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিনিয়োগকারীরা রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে দফায় দফায় মিছিল করে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা এতদিন বাজার পতনের জন্য অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে এসেছেন। কিন্তু গতকালই প্রথম বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। তাঁরা বলেন, সরকারের নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বাজারে আজকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারপ্রধান হিসেবে যার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া মামুনুর রশীদ নামে একজন বিনিয়োগকারী বলেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানি তিতাসের দাম যখন এক হাজার ৩০০ টাকা ও ডেসকোর দাম যখন তিন হাজার ৮০০ টাকায় উঠল, তখন সরকার সেগুলো বিক্রি করল না। ওই সময় শেয়ার বিক্রি করলে সরকার একদিকে যেমন প্রচুর টাকা পেত, তেমনি বাজারেও এ পরিস্থিতির সৃষ্টি হতো না। অথচ এখন তিতাসের দাম ৭০০ টাকা আর ডেসকোর দাম এক হাজার ৬০০ টাকায় নেমে আসার পর বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এমন সময় এটা করা হচ্ছে, যখন যত কম দামেই শেয়ার বেচা হোক না কেন তা কেনার ক্ষমতা সাধারণ বিনিয়োগকারীদের নেই। তাহলে কী বিনিয়োগকারীরা বুঝবে সরকারের ঘনিষ্ঠ কাউকে কম দামে শেয়ার পাইয়ে দিতেই এত আয়োজন? যদি তা-ই না হয়, তাহলে সরকারের উচিত কোন দামে তারা শেয়ারগুলো বিক্রি করবে তার সুস্পষ্ট ঘোষণা দেওয়া। খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকালে বর্তমানে তালিকাভুক্ত রয়েছে এমন কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি বৈঠক করবে। এ বৈঠক থেকেই কোম্পানিগুলোর পক্ষ থেকে কী দামে তারা শেয়ার বিক্রি করবে বা কী দামে করবে না, তার একটা ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, এ ধরনের ঘোষণা এলে যেসব বিনিয়োগকারীর কাছে রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার রয়েছে, তাঁরা অন্তত আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করবেন না। ডিএসইতে গতকাল দিনশেষে সাধারণ মূল্যসূচক ৪৭৪ দশমিক ৭৭ পয়েন্ট বা ৭ দশমিক ২৭ শতাংশ কমে ছয় হাজার ৫২ পয়েন্টে নেমে আসে, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন। বেলা আড়াইটার দিকে অবশ্য সাধারণ সূচক ৫০০ পয়েন্টের বেশি কমে যায়। এ সময় ১০০টির বেশি কোম্পানি ক্রেতাশূন্য হয়ে পড়ে। তবে ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে পাঁচটির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, দরপতনের ফলে গতকাল দুপুর ১২টার দিকে বিনিয়োগকারীরা শহরের প্রধান সড়ক অবরোধ করেন। এ সময় একটি টেম্পো ও ব্রোকারেজ হাউসে ভাঙচুর চালানো হয়। বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, সেখানকার বিনিয়োগকারীরাও দরপতনের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছেন।