চায়ের ভারত জয়
সকালে গরম চায়ে সুড়ুত্ সুড়ুত্ চুমুক না দিলে অনেকের দিনটাই যেন শুরু হয় না। আড্ডায় গরম চা আছে তো, আসর গরম। এ উপমহাদেশের সব দেশেই চা অতি উপাদেয় পানীয় বলে সমাদৃত। অথচ শতবর্ষ আগেও তত্কালীন ভারতবর্ষে চা ছিল এক বিজাতীয় পানীয়। ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী চা পানের বিরোধিতা করেছিলেন বলে বিবিসি অনলাইনে প্রকাশিত চা-বিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। আগামী বছর এটি সে দেশে জাতীয় পানীয় হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে। কিন্তু বহু বছর আগে এই চা ভারতীয় অনেকের কাছে ছিল সন্দেহের বস্তু। এমনকি অনেকে চা নামের মজার পানীয়কে ভয়ও পেত।উনিশ শতকের প্রথমার্ধে তত্কালীন ব্রিটিশ শাসকদের হাতে এ উপমহাদেশে গরম পানীয় হিসেবে চায়ের প্রচলন হয়। দিন দিন চায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০০৬ সালের আগ পর্যন্ত দেশটি চা উত্পাদনে ছিল বিশ্বের এক নম্বর আসনে। এরপর চা উত্পাদনে ভারতকে টপকে যায় চীন। চা পানে চীনাদের যে অতীত ঐতিহ্য রয়েছে, ভারতীয়দের তা নেই বললেই চলে। একসময় ভারতের মানুষকে চা পানে নিরুত্সাহ করা হতো। পঞ্চাশের দশকের (গত শতক) শেষের দিকে মহাত্মা গান্ধীর মতো জাতীয় নেতারা দেশের মানুষের চায়ের চাহিদার বিপরীতে অবস্থান নেন। তাঁর বোঝাতে চাইতেন যে ভারত তার উত্পাদিত চায়ের অর্ধেকের বেশি রপ্তানি করে থাকে।মহাত্মা গান্ধী তাঁর ‘অ্যা কি টু হেলথ’ গ্রন্থের একটি অধ্যায়ে লেখেন, চা পান মানবদেহের জন্য ক্ষতিকর। তাঁর ভাষায় চা হলো এক ধরনের উত্তেজক পদার্থ। তামাক ও কোকোর মতো এটিও বর্জন করা উচিত।বিশ শতকের দশকের গোড়ার দিকে জাতীয়তাবাদী আন্দোলনে অন্তঃপ্রাণ ও বিশিষ্ট রসায়নবিদ আচার্য প্রফুল্ল রায় চা পানের বিষয়টিকে বিষতুল্য বুঝিয়ে একটি কার্টুন প্রকাশ করেন।১৯১৪ সালে প্রকাশিত শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ উপন্যাসে বিষয়টি অনেকটা প্রতিফলিত হয়েছে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ললিতা চা খায় না। কারণ, তার ভালোবাসার মানুষ শেখর চা পান পছন্দ করে না। শেখর স্বদেশি আন্দোলন দ্বারা প্রভাবিত। স্বদেশিরা চা পানে অভ্যস্ত নারীদের পছন্দ করে না।বড় বড় মানুষের কাছে অজনপ্রিয় চা-বৈরী পরিবেশে কীভাবে ভারতের বাজার দখল করে ফেলল, খতিয়ে দেখা দরকার।১৯০৩ সালে ভাইসরয় কার্জন এই উপমহাদেশে চা নিয়ে আসেন। এর বিপণনেও অনেক উন্নতি ঘটান। ভারতের মধ্যে সর্বপ্রথম কলকাতার উচ্চ ও মধ্যবিত্তদের কাছে চা একটি পানীয় হিসেবে গণ্য হয়। ঔপনিবেশিক শাসনামলে ভারতের এই রাজধানী ওই সময় বিশ্বের সবচেয়ে বড় চা বন্দর হয়ে ওঠে। গৌতম ভদ্র নামের একজন সাংস্কৃতিক ইতিহাসবিদের লেখায় উনিশ শতকের বিশ ও ত্রিশের দশকে ভারতীয় ও বাঙালিরা কীভাবে ধীরে ধীরে চা পানে অভ্যস্ত হয়ে ওঠে, তা উল্লেখ রয়েছে। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি-বিষয়ক ইতিহাসবিদ বিষ্ণুপ্রিয় গুপ্তের তথ্যমতে, ১৯১০ সালে ভারতে চায়ের বাজারে চাহিদা ছিল মাত্র ৮২ লাখ কেজির মতো। অন্যদিকে এক বছরে যুক্তরাজ্যে চা পাতা কিনত প্রায় ১৩ কোটি কেজির মতো। বিশের দশকে ভারতে চায়ের বাজার বেড়ে দাঁড়ায় দুই কোটি ৩০ লাখ কেজির মতো।তিরিশের দশকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ভারতে চায়ের চাহিদা দ্বিগুণ হয়ে যায়। এদিকে শ্রমিকেরাও চা পানে অভ্যস্ত হয়ে পড়ে। এভাবে ষাটের দশকে চা পানে বড় ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়।বর্তমানে ভারতে বিপুল জনগোষ্ঠী চা পানে অভ্যস্ত হয়ে উঠেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় চা সমিতির (নর্থ ইস্টার্ন টি অ্যাসোসিয়েশন) চেয়ারম্যান বিদ্যানন্দ বার্কাকোতির তথ্যমতে, দেশটিতে ২০১১ সালে উত্পাদিত ৯৮ কোটি কেজির চায়ের মধ্যে ৮৫ কোটি কেজিই দেশের চাহিদা মেটাতে ব্যয় হয়ে যায়। অবশিষ্ট মাত্র ১৩ কোটি কেজি রপ্তানি হয়।