চিংড়ি হটিয়ে চাষাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম বনলাউডোব। সুন্দরবনের সংলগ্ন বেড়িবাঁধের বাইরের ঢালু অংশের গাছপালা স্থানীয় ব্যক্তিরা চেঁছেপুছে ন্যাড়া করে দিয়েছে। লাউডোবের গ্রামবাসী তা করেনি। তাই কেওড়া, ওরা, গোলপাতা, গরান, খলশে, কাঁকড়াসমৃদ্ধ বাঁধের দক্ষিণ পাড়ের জঙ্গল যেন একটুকরো সুন্দরবন হয়ে টিকে আছে।বাঁধের ওপর জনচলাচলের সড়কপথ। পথের এক পাশে দেখা গেল ডাঁই দেওয়া অনেকগুলো তরমুজ। এই গরিব জনসাধারণ তরমুজের মতো দামি ফল কী করে কিনে খাবে—সঙ্গী সাবেক মেম্বার কুমুদরঞ্জন মণ্ডলকে জিজ্ঞেস করতেই জানালেন, ‘দুই-আড়াই বচ্ছর হলো আমরা চিংড়ির ঘের বন্ধ করে দিয়িছি, এখন জমিতে আউশ-আমন কত্তিছি। এ তরমুজ এখানেই আবাদ হচ্ছে, এখান থেকেই মঙ্গলা, রামপাল চালনা যাবে। আজ হাটবার তো, বিকেলে দ্যাখবেনানে তরমুজ, ফুটি, শাকসবজি, ফলফলাদি হাটে উঠিছে।’ এখানে তরমুজ বিক্রি হয় ১০-১৫ টাকায়। চিংড়ি চাষ কী করে বন্ধ করলেন? কুমুদ বাবু বললেন, ‘সে অনেক আন্দোলন করতি হয়েছিল।’ উপস্থিত লোকজন বললেন, ‘আমাদের সবাইকে একত্তর করিছেন গৌরাঙ্গ বাবু। মাইকিং করি সবাইকে বুঝোইছেন। পত্থমে পাগল ঠাউরাতাম। পরে বুঝতি পারি, আন্দোলনে যোগ দিই।’ গৌরাঙ্গপ্রসাদ রায় চালনা কলেজের রসায়নের প্রদর্শক (ডেমনস্ট্রেটর)। তাঁর বাড়ি এখান থেকে তিন কিলোমিটার দূরে মহুরী বাবুর পুকুরের কাছে। ওই পুকুর থেকে এ এলাকার মেয়েরা পানীয় ও রান্নার মিষ্টিজল নিয়ে আসে। গৌরাঙ্গ রায়ের বাড়ির উদ্দেশে রওনা হলাম। রাস্তা বলতে কিছুটা ইট বিছানো, বাকি পথ কাঁচা সড়ক। এ এলাকায় ১৯৭৪ সালে প্রথম আসি। তখন গ্রামগুলো ছিল বিস্তৃত মাঠের মধ্যে ছড়ানে-ছিটানো। এখন বেড়িবাঁধের পাশে বাড়িঘর সব ঠাসবুনটের। প্রতি বাড়িতেই প্রচুর গাছ। এলাকার অধিকাংশ মানুষ পৌন্ড্র ক্ষত্রিয় ও নমঃশূদ্র সম্প্রদায়ের। এঁরা সনাতনধর্মীয় পূজা যত করেন, লৌকিক পূজা করেন তার চেয়ে অনেক বেশি। পূজার জন্য প্রতি বাড়িতেই ফুলগাছের সমারোহ। গাঁদা, মালতী, অপরাজিতাদের ছাপিয়ে পথ থেকে দেখা যায় ঝুমকো জবা, মরিচা জবার রক্তিম সমারোহ। গাছে গাছে টুনটুনি, দুর্গা টুনটুনি, বসন্তবাউরি, শ্যাকরা বসন্ত, হলুদ বসন্ত, বাঙলা বুলবুল, সিপাহি বুলবুল, কাঠ শালিক ও ঝুঁটি শালিকের ঝাঁক দেখা যায়। গ্রাম ছাড়িয়েই দেখতে পাওয়া গেল আদিগন্ত ধানের মাঠ, দু-চারটে বিক্ষিপ্ত মিঠাপানির চিংড়ির ঘের। মাঠে কাটা আউশ ধানের সারি দেওয়া গুচ্ছ পড়ে আছে। গরু চরছে। এখানে আউশ তেমন ভালো হয় না। উত্তরদিকে কিছু বোরোর চাষ হয়। মাঝেমধ্যেই চোখে পড়ছিল ফলবান তরমুজের, করলার অন্যান্য সবজির খেত। নিদাঘ দুপুরে মাঠ পেরিয়ে মেয়েরা চলছে জল আনতে।গৌরাঙ্গ রায়কে বাড়িতেই পেয়ে গেলাম। মাঝারি মাঝবয়সী উজ্জ্বল দীপ্ত চোখের মানুষটি। বসবার ঘরে চে গুয়েভারা দুটি ছবির মাঝখানে একজন প্রয়াত কমরেডের ছবি। প্রশ্নোত্তরে গৌরাঙ্গ রায় বিনয়ের সঙ্গে বললেন, ‘লবণজল হঠাও আন্দোলন আমি শুরু করিনি। ১৯৮৪-৮৫ সালে সাতক্ষীরা, রামপালসহ আশপাশের এলাকায় চিংড়ি চাষ শুরু হলে এলাকাগুলোর প্রান্তিক চাষি, খেতমজুররা নিজেরাই সংগঠিত হয়ে বাধা দিতে শুরু করে।’ গৌরাঙ্গ রায় জানান, আন্দোলনের মুখে সরকার ১৯৯১ সালে চিংড়ি চাষের জন্য নীতিমালা তৈরি করে। নিয়ম করা হয়, এলাকার ৮৬ শতাংশ জমির মালিক লিজ দিলে সেখানে চিংড়ি চাষ হবে। এতে বেশি জমির মালিকেরা অনেকেই চিংড়ি চাষের পক্ষে চলে গেল। এর মধ্যে পাইকগাছার ২২ নম্বর পোল্ডারে করুণাময়ী সর্দার চিংড়ি-সন্ত্রাসীদের হাতে মারা পড়লে আন্দোলন বেগবান হয়। ১৯৯০ সাল পর্যন্ত ৩৩ নম্বর পোল্ডারে ঘের ছিল না। এখান থেকে চাল, শাকসবজি আশপাশের এলাকায় যেত। স্থানীয়রা জানান, ’৯০ সালে স্থানীয় চেয়ারম্যান ননীগোপাল মণ্ডল (বর্তমানে সাংসদ) ‘লবণ জল হঠাও, জাহাজ বাঁচাও’ (তখন ননীগোপাল মণ্ডলের নির্বাচনী প্রতীক ছিল জাহাজ) স্লোগান তুলে উপজেলা চেয়ারম্যান হন। কিন্তু পরি তিনি চিংড়িচাষিদের পক্ষ নেন। জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলে চারজন ডিসিসহ খুলনার বিভাগীয় কমিশনার উপজেলা অফিসে চিংড়িবিরোধী ও পক্ষের লোকদের নিয়ে আলোচনায় বসেন। সিদ্ধান্ত হয়, উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান হবে। তিনি তা কমিশনারের কাছে পাঠাবেন। কিন্তু কিছুকাল পর শুনা গেল চিংড়ি চাষ হবে।খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সাংসদ ননীগোপাল মণ্ডল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সব সময়ই লবণজল ঢোকানো, চিংড়ি চাষের বিরোধিতা করেছি। বেড়িবাঁধের পাশে ধান ভালো হয় না বলে কেউ কেউ এখনো চিংড়ি করছে। তবে ৩৩ নম্বর পোল্ডারে সমস্যা নেই, সমস্যা হচ্ছে বেলুচি এলাকা (২০/৩১ পোল্ডার) নিয়ে। এখানে এখনো প্রভাবশালীরা লবণজল তুলছে। ৩১ নম্বর পোল্ডারে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলাও করেছি লবণজল তোলার বিরুদ্ধে।’গৌরাঙ্গ রায়সহ অন্যরা জানান, জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিনও চিংড়ি চাষের পক্ষে নিয়েছেন। তাঁরা তখনকার বিএনপি খুলনা এলাকার সভাপতি অপূর্ব রায়ের সহায়তায় পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর শরণাপন্ন হলে তিনি নির্বাহী প্রকৌশলীকে পানি ঢোকানো বন্ধ করতে আদেশ দেন। এর মধ্যে পোল্ডারে লবণজল আটকানোর জন্য বাঁধ দেওয়া শুরু হলে আন্দোলনও শুরু হয়। এবার অধিকাংশ এলাকাবাসী যোগ দেয়। ২০০৫ সালে বাঁধ কাটা শুরু হয়। স্থানীয় প্রভাবশালীদের মধ্যে একমাত্র লাউডোবের চেয়ারম্যান শেখ যুবরাজ কোনো পক্ষ নেননি। অপারেশন ক্লিনহার্ট শুরু হলে অনেক সন্ত্রাসী ঘের এলাকা ছাড়ে। ২০০৭ সালে এ বিষয়ে প্রথম আলো ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে সহায়ক ভূমিকা পালন করে। ২০০৯ সালের ২৫ মে আইলায় ঘের ভেসে গেলে চিংড়িচাষিরা উদ্যম হারিয়ে ফেলে। গত জাতীয় সংসদ নির্বাচনে ননীবাবু “চিংড়ি চাই না” স্লোগান তুলে মহাজোটের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন। গৌরাঙ্গ রায় জানান, গত দুই বছর ধরে গ্রামবাসীরা আবার ধান, সবজির চাষ করছে। প্রথম বছর ফলন ভালো হয়নি, এবার ফলন আশাপ্রদ। মানুষ আবার খেতখোলায় কাজ করতি পারছে। কিন্তু এলাকায় ভীষণ পানের জলের কষ্ট। জলের রোগে প্রায় সবাই ভুগছে। বাচ্চারা আর মেয়েরা ভুগছে বেশি। একলামশিয়া, পাঁচড়া, মাসিক অনিয়মিত রোগে ভুগছে বেশির ভাগ মেয়ে। ডাইরিয়া তো আছেই।’ গৌরাঙ্গ রায় বলেন, ‘শুনতে পাই, চিংড়ি করার ষড়যন্ত্র চলছে এখনো, তবুও দিনবদল শুরু হয়েছে। মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না।’