চিংড়িঘেরে বাঘ, এলাকাবাসী আতঙ্কে
সুন্দরবন থেকে লোকালয়ে একটি বাঘ চলে এসেছে। আজ রোববার সকাল ছয়টার দিকে বাঘটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন গ্রাম গোলাখালীতে চলে আসে। এর পর থেকে বাঘটি নয় ঘণ্টারও বেশি সময় ধরে একটি চিংড়িঘেরের বেড়ির ওপর অবস্থান করছে। বন বিভাগের পক্ষ থেকে ১৮টি রাইফেলের গুলি ও শতাধিক বাজির শব্দ করেও বাঘটিকে সুন্দরবনে ফেরত পাঠানো যায়নি।এদিকে, দীর্ঘক্ষণ বাঘটি গোলাখালী গ্রামের চিংড়িঘেরে অবস্থান করায় স্থানীয় মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে।গোলাখালী গ্রামের কার্তিক চন্দ্র গাইন ও সিরাজুল ইসলাম জানান, সকাল ছয়টার দিকে একই গ্রামের খোকন গাজী দেখতে পান, তাঁর চিংড়িঘেরে বেড়ির ওপর একটি বিশাল আকৃতির বাঘ দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে তিনি গ্রামবাসী ও বন বিভাগকে জানান। সকাল আটটার দিকে বন বিভাগের সদস্য ও টাইগার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাঘটিকে সুন্দরবনে ফেরত পাঠানোর জন্য শতাধিক বাজি ফোটান। পরে তাঁরা রাইফেল থেকে একাধিক গুলি ছুড়ে শব্দ সৃষ্টি করেন। কিন্তু বাঘটি বনে ফিরে যায়নি। বেলা একটা পর্যন্ত বাঘটি বেড়ির ওপর ২০-২৫ গজের মধ্যে চলাফেরা করে। এরপর বাঘটি ওই বেড়ির ওপর শুয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটি সেখানেই শুয়ে রয়েছে।গোলাখালী গ্রামের ইদ্রিস আলী জানান, গ্রামে বাঘ অবস্থান করায় অনেকে ঘর থেকে বের হচ্ছে না। ছেলেমেয়ে নিয়ে গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন একটি বাঘ লোকালয়ে ঢোকার সত্যতা নিশ্চিত করে জানান, পুরুষ বাঘটির দৈর্ঘ্য ৯-১০ ফুট হবে। বাঘটি অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগ ও টাইগার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন উল্লেখ করে তিনি জানান, গ্রামবাসীকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, রাতে বাঘটি যাতে গ্রামের দিকে যেতে না পারে, সে জন্য জাল দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। জোয়ারের পানিতে আশপাশের এলাকা ডুবে থাকায় বাঘটি হয়তো বনে ফেরত যেতে চাইছে না। ভাটার সময় বনে ফেরত যেতে পারে।