চিংড়িতে মাত্রাতিরিক্ত নাইট্রোফুরান নেই: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আশঙ্কা করার মতো রাসায়নিক পদার্থ নাইট্রোফুরানের মাত্রাতিরিক্ত উপস্থিতি বাংলাদেশের চিংড়িতে নেই। ইইউর অভিযোগ সম্পর্কে বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু নাইট্রোফুরানের মাত্রাতিরিক্ত উপস্থিতি চিংড়িতে পাওয়া যায়নি।আজ বুধবার মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সম্মেলন করে মন্ত্রী এসব তথ্য জানান। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাইট্রোফুরানের মাত্রাতিরিক্ত উপস্থিতি চিংড়ির দেহে পাওয়া গেছে, ইইউর এমন আপত্তির মুখে বাংলাদেশ গত বছরের নভেম্বর মাসে চিংড়ি রপ্তানি বন্ধ করে দেয়। চিংড়ির খাবারে ওই রাসায়নিক পদার্থ থাকে। মন্ত্রী বলেন, বিষয়টি ইইউকে জানানো হয়েছে। আগামী মার্চে ইইউর প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আশা করা হচ্ছে, বিষয়টি তখনই নিষ্পত্তি হবে। সে সময় বাংলাদেশ থেকে আরও বেশি চিংড়ি রপ্তানির সম্ভাবনা সৃষ্টি হবে।সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় সচিব উজ্জল বিকাশ দত্তসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।