চিংড়ির শরীরে ঢোকানো হচ্ছে সাগু ও বার্লি
ওজন বাড়ানোর জন্য ইনজেকশনের মাধ্যমে রপ্তানিযোগ্য চিংড়ির শরীরে ঢোকানো হচ্ছে পানি, তরল করা সাগুদানা ও বার্লি। সাতক্ষীরা জেলায় বিভিন্ন এলাকায় এ প্রক্রিয়ায় চিংড়ির ওজন বাড়ানোর জন্য গড়ে উঠেছে সংঘবদ্ধ জালিয়াতি চক্র। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চিংড়ি উৎপাদনকারী এলাকা হিসেবে সাতক্ষীরা জেলার নাম শীর্ষে। বর্তমানে এ জেলার সাতটি উপজেলায় ২৫ হাজার ৩৯৫টি বাগদা চিংড়ির ঘের রয়েছে। এসব ঘেরের আয়তন ৫৮ হাজার ২৮২ হেক্টর। জেলায় গলদা চিংড়ির ঘের রয়েছে সাত হাজার ৪৪০টি। এর আয়তন ছয় হাজার ৫৬৬ হেক্টর। ২০০৯ সালে হিমায়িত মৎস্য বিদেশে রপ্তানি করে আয় হয় তিন হাজার ১২৭ কোটি টাকা। এর মধ্যে শুধু সাতক্ষীরা জেলা থেকে আয় হয় এক হাজার ১৬০ কোটি টাকা।বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলার লোকসংখ্যা প্রায় ২২ লাখ। এর মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে চিংড়ি চাষের সঙ্গে জড়িত। কয়েক দিন ধরে সাতক্ষীরা সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, একশ্রেণীর অসাধু চিংড়ি ব্যবসায়ী বিভিন্ন ঘের ও ফড়িয়াদের কাছ থেকে নির্ধারিত মূল্যে রপ্তানিযোগ্য চিংড়ি কিনে নিয়ে যায়। তারপর তাদের আড়তে গোপনে চিংড়ির শরীরে জ্বাল দেওয়া তরল সাগু, বার্লি ও পানি ঢুকিয়ে দেয়। এর ফলে চিংড়ির ওজন বেড়ে যায় ১৫ থেকে ২০ শতাংশ। প্রতিদিন এ পদ্ধতিতে হাজার হাজার চিংড়ির ওজন বাড়ানো হচ্ছে। এরপর ওই চিংড়ি নির্ধারিত দালালের মাধ্যমে বিক্রি করা হয় সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন ফ্যাক্টরিতে। সেখান থেকে রপ্তানি হয় বিভিন্ন দেশে।দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতা, মাছখোলা, ব্যাংকদাহ; আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা, আশাশুনি সদর, বড়দল, তুয়ারডাঙ্গা, চাপড়া, তেঁতুলিয়া, কাঁদাকাটি, উজিরপুর, প্রতাপনগর, গদাইপুর, কাকবেশে, কমশান্ডা, হাড়িভাঙ্গা ও শীতলপুর; শ্যামনগর উপজেলার হরিনগর, যতীন্দ্রনগর, ভেটখালী, মুন্সিগঞ্জ, নবেকি, বুড়িগোয়ালিনী, গাবুরা, পাতাখালী ও কদমতলা; কালীগঞ্জ উপজেলার বাঁশতলা, বিষ্টুপুর, চৌমহনী, কালিকাপুর, কাঁকড়াবন, থানলা, উজুলপুর ও বাঁশদাহ; দেবহাটা উপজেলার পারুলিয়া, কুলে ও গাজীরহাট এবং খুলনার পাইকগাছা ও কয়রাসহ বিভিন্ন এলাকায় জালিয়াতি চক্র গড়ে উঠেছে। জাতীয় চিংড়ি চাষি সমিতির সভাপতি আবতাবুজ্জামান ও সাতক্ষীরা জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র চিংড়ির ওজন বাড়ানোর জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত করে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়। কয়েক দিন যেতে না যেতেই আবার আগের চেয়ে জোরেসোরে শুরু হয় একই কাজ। তদারকি ব্যবস্থা জোরদার করা হলে এ প্রবণতা রোধ করা সম্ভব। ওই প্রতারক চক্রের কারণে অনেক সময় প্রতিষ্ঠিত চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস বলেন, ‘জেলায় বিভিন্ন এলাকায় ইনজেকশনের মাধ্যমে সাগু ও বার্লি পুশ করে চিংড়ির ওজন বাড়ানোর অভিযোগ রয়েছে। প্রতারণার মাধ্যমে কিছু মানুষ এভাবে চিংড়ির ওজন বাড়ানোর ফলে চিংড়ির বাজার নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’