চিকন চালের দাম বেড়েছে, কমেছে মোটা চালের
হঠাৎ দেশের অন্যতম প্রধান চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র দিনাজপুরের বাজারে চিকন সুগন্ধি চালের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়ে গেছে। অন্যদিকে মোটা ও মাঝারি চালের দাম কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা কমেছে।ব্যবসায়ীরা বলছেন, চিকন চাল বিদেশে রপ্তানি হচ্ছে—এ ধরনের সংবাদ ছড়ানোর কারণে বাজারে চিকন সুগন্ধি চালের দাম বেড়ে গেছে।দিনাজপুর চালকল মালিক গ্রুপের সহসভাপতি রেজা হুমায়ুন ফারুক প্রথম আলোকে বলেন, ‘বাজারে হঠাৎ চিনিগুঁড়া, কালোজিরা ও কাটারি জাতের চালের দাম মণপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা বেড়ে গেছে। ১০ দিন আগেও দুই মণ ওজনের এক বস্তা কালোজিরা বা কাটারি জাতের ধান দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছিল। সেই ধান বর্তমানে বিক্রি হচ্ছে দুই হাজার ৩৫০ থেকে দুই হাজার ৪০০ টাকা দরে। কাটারি আতপ বা কাটারি সেদ্ধ চাল ১০ দিন আগে মণপ্রতি বিক্রি হচ্ছিল দুই হাজার ২৫০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে দুই হাজার ৬৫০ থেকে দুই হাজার ৭০০ টাকা দরে। আর কালোজিরা ও কাটারি জাতের চালের দাম মণপ্রতি দুই হাজার ৩৫০ টাকা থেকে বেড়ে দুই হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।দিনাজপুরের পাইকারি ধান-চালের সবচেয়ে বড় মোকাম পুলহাট এলাকার ধান-চাল ব্যবসায়ী মো. সাদেকুল ইসলাম বলেন, ‘বাজারে রটে গেছে, সরকার চিকন বা সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে। এ কারণে এসব চালের দাম বেড়েছে।’ চিকন ধান বা চালের মূল্যবৃদ্ধির আরও একটি কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সব ধরনের সুগন্ধি জাতের ধান ও চালের ব্যবসা নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি। তাদের কারণেই এসব চালের দাম বেড়েছে।দিনাজপুর শহরের রেলবাজার হাটের খুচরা চাল বিক্রেতা সুরেশ গুপ্ত ও শিকদারগঞ্জ হাটের রবিন চন্দ্র বলেন, ১০ দিন আগেও প্রতি কেজি কাটারি বা কালোজিরা আতপ বা সেদ্ধ চাল ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে প্রতি কেজি চাল ৬৫ থেকে ৬৭ টাকা দরে বিক্রি হচ্ছে।কমেছে মোটা চালের দাম: দিনাজপুরে পুলহাট এলাকার চালকলের মালিক মো. আবুল খায়ের গতকাল প্রথম আলোকে বলেন, বাজারে মোটা বিআর-১১, গুটি স্বর্ণ, কোটরা পারি, রঞ্জিত, ব্রি-২৮, ব্রি-১৬সহ সব ধরনের মোটা ও মাঝারি জাতের ধান ও চালের দাম কমেছে।ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, একমাত্র মিনিকেট ছাড়া গত তিন মাসে সব ধরনের মোটা ও মাঝারি ধরনের চালের দাম মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা কমেছে। গত আমন মৌসুমের শুরুতে এসব জাতের দুই মণ ওজনের এক বস্তা ধানের দাম ছিল এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। প্রতি মণ চালের দাম ছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা। কিন্তু সেই ধানের বর্তমান বাজারদর প্রতি বস্তা এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকা। আর প্রতি মণ চাল বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার ৫০ টাকায়।চালকলের মালিক ও ব্যবসায়ীদের দাবি, এক কোটি টাকার মোটা চালের ব্যবসায় কমপক্ষে ৩০ লাখ টাকা ক্ষতি গুনছেন তাঁরা। তাঁরা মনে করছেন, ধান-চাল ব্যবসার এই ক্ষতির বিরূপ প্রভাব আগামী বোরো মৌসুমের ধানের ওপর পড়বে। কৃষকেরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারেন।দিনাজপুর জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন জানান, জেলায় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য ২০ টাকা কেজি দরে আটা ও ২৪ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। এ কারণে মোটা চালের বাজারে এর প্রভাব পড়া স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন।