চিকা মারার দায়ে পাকিস্তানের রাজনৈতিক দলের কাছ থেকে জরিমানা আদায়
পাকিস্তানের একটি উড়াল সড়কে চিকা মারার দায়ে দুটি রাজনৈতিক দলের কাছ থেকে আদায় করা জরিমানার রসিদ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলুচিস্তান হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দেশটির যোগাযোগ ও পূর্তসচিবকে মামলার পরবর্তী শুনানির দিন ওই রসিদ দাখিলের নির্দেশ দেন।আজ রোববার ‘দ্য ডন’ জানায়, প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা এবং বিচারপতি সৈয়দা তাহিরা সফদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ যোগাযোগ ও পূর্ত সচিবকে পিপিপির প্রাদেশিক প্রধান সাদিক ওমরানী ও পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির প্রাদেশিক প্রধান ওসমান কাকরের কাছ থেকে আদায় করা জরিমানার রসিদ আদালতে দাখিলের নির্দেশ দেন। ‘ডন’ জানায়, তালাত ওয়াহেদ বনাম বেলুচিস্তান সরকার নামের মামলার শুনানিতে বলা হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই রাজনৈতিক দলের মারা চিকা তোলার জন্য মন্ত্রণালয়কে চার লাখ রুপি খরচ করতে হয়েছে। এ বিষয়ে শুনানি আগামী ২০ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।