চিকিত্সক ও ৩ বিদেশি ছাত্রকে ধরে নেওয়ার পর আরেকজন নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কর্তব্যরত থাকাকালীন দুজন চিকিত্সক নিখোঁজ হয়েছেন। তাঁদের একজনকে একদল লোক ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বা সংস্থার লোকজন নিয়ে গেছে, নাকি কোনো সন্ত্রাসীচক্র তুলে নিয়ে গেছে, তা পুলিশ গতকাল শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।এই চিকিত্সকের নাম রশিদ আহমদ। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। গত বৃহস্পতিবার কর্তব্যরত অবস্থায় রশিদ আহমদকে একদল লোক ধরে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ।এছাড়া নিখোঁজ রয়েছেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক আশরাফুজ্জামান চৌধুরী (২৮)। তিনি হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সক। কর্তব্যরত থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে গতকাল এক জিডিতে উল্লেখ করা হয়েছে।এদিকে বৃহস্পতিবার রাতে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের তিনজন বিদেশি শিক্ষার্থীকে একদল লোক ধরে নিয়ে যায়। কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ওই শিক্ষার্থীদের নাম বলেননি। তিনি বলেন, কলেজ হোস্টেল থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নিয়ে যায়। তিনজনই ভারতীয় নাগরিক।মেডিকেল কলেজ সূত্রে ওই তিন শিক্ষার্থীর দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আমির ও তসির।ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া ‘জরুরি সভায়’ আছেন জানিয়ে বলেন, এ ব্যাপারে পরে কথা বলবেন।চিকিত্সক রশিদ আহমদের নিখোঁজ থাকার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাত-আটজন লোক তাঁকে (রশিদ) নিয়ে গেছে। তা আমি হাসপাতালের গোপন ক্যামেরায় দেখেছি। কিন্তু কাউকে চিনতে পারিনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিত্সক রশিদ আহমদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাহাদুরপুর (গণেশপুর) গ্রামে। সিলেট নগরের মুন্সিপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাত্ সাত-আটজনের একদল লোক হাসপাতালের ভেতরে অবস্থান নেয়। তাদের মধ্যে দুজন লোক তাঁর কক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যায়। চিকিত্সক রশিদ বৃহস্পতিবার রাতে বাসায় না ফেরায় হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করে। এতে হাসপাতালের গোপন ক্যামেরায় ধারণ করা চিত্রের বরাত দিয়ে রশিদকে ধরে নিয়ে যাওয়ার বর্ণনা দেওয়া হয়। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ মোহাম্মদ আফজাল প্রথম আলোকে বলেন, ‘তাঁকে (রশিদ) কারা এবং কেন ধরে নিয়ে গেছে, কিছুই জানি না। বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর খোঁজ মেলেনি।’মুঠোফোনে যোগাযোগ করা হলে রশিদের বাবা আলাউদ্দিন নোমানী জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ছেলেকে ফোন করেছিলেন। ছেলে প্রথমে ফোন ধরেনি। পরে ফোন করে তাঁকে জানান, পুলিশ বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করেছে কি না। আলাউদ্দিন বলেন, ‘ওই কথা হওয়ার পর থেকে রশিদের খোঁজ পাচ্ছি না। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েছি।’ রশিদের কয়েকজন সহকর্মী জানান, ‘রশিদ কোনো অপরাধ করলে তাঁকে আটক বা গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু তা গোপনে কেন হবে?’ বিষয়টি লিখিতভাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) জানিয়েছেন তাঁরা। অন্যদিকে সিলেট নগরের বেসরকারি হাসপাতাল রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত ছিলেন আশরাফুজ্জামান চৌধুরী। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছুরখাইয়ের আদিনাবাদ গ্রামে। হাসপাতালের জিএম (প্রশাসন) ইসলাম উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে সিলেটের বিমানবন্দর থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না বলে এতে উল্লেখ করা হয়েছে। ইসলাম উদ্দিন জানান, আশরাফুজ্জামান হাসপাতালের রাতের পালায় কর্মরত ছিলেন। শুক্রবার (গতকাল) সকাল নয়টা পর্যন্ত তাঁর ডিউটি ছিল।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, থানায় জিডি করার পর পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।