চিকিত্সক খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিকে সাজিয়া আফরিন (২৭) নামের এক চিকিত্সক খুনের ঘটনায় মো. ফয়সল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে দক্ষিণখান থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শামু গ্রাম থেকে ফয়সলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সল ব্র্যাক ক্লিনিকে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হাজির করা হয় ফয়সলকে। সেখানে ফয়সল বলেন, ওই চিকিত্সকের ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়েছেন তিনি; কিন্তু বাধা পাওয়ায় একপর্যায়ে চিকিত্সককে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।ঢাকা মহানগর পুলিশের সমাজসেবা ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফয়সাল একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য ফয়সলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজিয়া দক্ষিণখানের নোয়াপাড়া আমতলায় ব্র্যাক পরিচালিত ব্র্যাক ক্লিনিকের খণ্ডকালীন চিকিত্সক ছিলেন। গত বৃহস্পতিবার ক্লিনিকে তাঁর রাতের পালায় দায়িত্ব ছিল। শুক্রবার সকালে ক্লিনিকে চিকিত্সকদের বিশ্রামাগারে তাঁর লাশ দেখে কর্মচারীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, চারতলা বাড়ির প্রথম তিন তলাজুড়ে ব্র্যাক ক্লিনিক। তৃতীয় তলায় চিকিত্সকদের বিশ্রামাগারের খাটে সাজিয়ার লাশ পড়ে ছিল। তাঁর কপালে রক্তাক্ত জখম ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে আঘাত ও শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল সকাল ছয়টার মধ্যে ঘটনাটি ঘটেছে।সাজিয়ার মামা জসীম উদ্দিন জানান, ২০০৮ সালে সাজিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি এফসিপিএস করছিলেন। একই সঙ্গে ব্র্যাক ক্লিনিকে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখানের কাওলায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বাবার নাম মনিরুল ইসলাম।