চিকিত্সক-রাস্তা কিছুই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া উপজেলার হাটুরিয়া স্বাস্থ্য উপকেন্দ্রে রয়েছে সুপরিসর আঙিনা। নবনির্মিত দ্বিতল ভবনটিও চমত্কার। কিন্তু এই স্বাস্থ্য উপকেন্দ্রের সবচেয়ে প্রয়োজনীয় দুটি জিনিসই নেই। তা হলো—চিকিত্সক আর এখানে আসা-যাওয়ার রাস্তা। চিকিত্সা নিতে আসা ভুক্তভোগী এবং স্বাস্থ্য উপকেন্দ্র সূত্রে জানা যায়, স্বাস্থ্য উপকেন্দ্রটি চর এলাকা নিয়ে গঠিত হাটুরিয়া-নাকালিয়া ও কৈটোলা ইউনিয়নবাসীর প্রধান ভরসা। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া বাজার থেকে কিছু দূরে জমিদার জ্যোতিন্দ্রনাথ রায়ের একটি পরিত্যক্ত ভবনে ১৯৭৮ সালে চালু হয়। স্বাস্থ্য উপকেন্দ্রের জন্য ২০০৮ সালে নির্মাণ করা হয় দ্বিতল ভবন। কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষ থাকে উদাসীন। হাটুরিয়া বাজার পর্যন্ত পাকা সড়ক থাকলেও সেখান থেকে স্বাস্থ্য উপকেন্দ্র পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার বেশির ভাগই চলাচলের অনুপযোগী। ইট বিছানো সংকীর্ণ রাস্তার অনেক জায়গার ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা, এ রাস্তা থেকেও ৫০ গজ ভেতরে স্বাস্থ্য উপকেন্দ্রের অবস্থান। আর এই অংশটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এ অংশে যাতায়াতের উপযোগী রাস্তাই নেই। শুষ্ক মৌসুমে এ রাস্তায় পায়ে হাঁটা গেলেও বর্ষায় পানি জমে পিচ্ছিল হয়ে তা চলার অযোগ্য হয়ে পড়ে। ওই জায়গার মালিক এখানে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন বলে এলাকাবাসী জানান। পরে এলাকাবাসীর বাধায় মালিক প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হন। স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিত্সক আবদুল হান্নান (বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কর্মরত) বলেন, ‘বর্ষায় কাদা-পানিতে এখানে যাতায়াতের উপায় থাকে না বলে অনেকটা অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। তারপরও রোগীরা আসেন। কিন্তু সামান্য এই অংশটুকুর জন্য রোগীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ওই অংশে ইট বিছানোর উদ্যোগ নেওয়ার পরও জায়গার মালিকের বাধায় তা সম্ভব হয়নি। জায়গার মালিককে আমি অনেক বুঝিয়েছি, অনুনয়-বিনয়ও করেছি। কিন্তু তিনি একেবারে বেঁকে বসে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অধিগ্রহণের ব্যাপারেও সুপারিশ করা হয়েছে।’ওই জায়গার বেশির ভাগ অংশের মালিক জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমার জায়গার ওপর দিয়ে রোগী ও চিকিত্সকেরা আজীবন যাতায়াত করলেও আপত্তি নেই। কিন্তু এখানে আমি পাকা রাস্তা করতে দেব না। কারণ তাতে জায়গাটি চিরতরে আমার হাতছাড়া হয়ে যাবে। আর হাসপাতালের কাছে ওই জায়গা বিক্রির কোনো ইচ্ছাও আমার নেই।’এদিকে স্বাস্থ্য উপকেন্দ্রের আরেকটি বড় সমস্যা এখানে চিকিত্সক নেই। এখানে চিকিত্সা কর্মকর্তা, চিকিত্সা সহকারী, ফার্মাসিস্ট ও পিয়ন থাকার কথা থাকলেও চিকিত্সা কর্মকর্তার পদটি ফাঁকা রয়েছে। কাগজে-কলমে চিকিত্সা সহকারী থাকলেও তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কর্মরত। শুধু শনিবার তিনি এখানে এসে চিকিত্সা দেন। ফলে মূলত ফার্মাসিস্ট ও এমএলএসএস স্বাস্থ্য উপকেন্দ্রটি চালাচ্ছেন। ২৪ জানুয়ারি এখানে চিকিত্সার জন্য আসা হাটুরিয়া গ্রামের ওহাব প্রামাণিক (৭০) বলেন, ‘গ্যাস্ট্রিক আর আমাশয়ের জন্নি আইছিলাম। ডাক্তার নাই।’এমএলএসএস জহুরুল ইসলাম বলেন, ‘ফার্মাসিস্ট রোগী দেখেন, আর আমি সাহায্য করি।’চিকিত্সা সহকারী আবদুল হান্নান বলেন, ‘আমি প্রেষণে থাকায় সেখানে শুধু শনিবার রোগী দেখি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম খালেকুজ্জামান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ প্রচণ্ড। অথচ চিকিত্সক মাত্র তিন জন। তাই বাধ্য হয়ে হাটুরিয়া স্বাস্থ্য উপকেন্দ্রের মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ডেপুটেশনে এখানে আনতে হয়েছে।’