চিকিত্সককে মারধরের প্রতিবাদে কিশোরগঞ্জ সদর হাসপাতালে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গতকাল রাতে সন্ত্রাসীদের হামলায় চিকিত্সককে আহত করা এবং ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ শনিবার হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সক, নার্সসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। তবে জরুরি বিভাগের কার্যক্রম চালু থাকলেও বহির্বিভাগ ও ওয়ার্ডে চিকিত্সা কার্যক্রম বন্ধ ছিল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়ে বহির্বিভাগে আগত ও ওয়ার্ডে চিকিত্সাধীন রোগীরা। কর্মসূচি চলাকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে জেলা সিভিল সার্জন ও জেলা বিএমএর সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় চিকিত্সককে মারধর ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাল রোববার প্রথম দিন এক ঘণ্টা এবং পরে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাঁরা বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলামকে (১৭) শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আমিনুলের লাশ কিশোরগঞ্জে পৌঁছার পর একদল উত্তেজিত যুবক হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত চিকিত্সক সেলিম শাহেদকে মারধর ও লাঞ্ছিত করে।হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল মজিদ জানান, কর্মবিরতির মধ্যে জরুরি বিভাগসহ অসুস্থ অনেক রোগীকে চিকিত্সা দেওয়া হয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, হাসপাতালের ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।