চিকিত্সকদের ফি নির্ধারণে নীতিমালা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, বেসরকারি চিকিত্সকদের ফি ও প্যাথলজি পরীক্ষার নীতিমালা প্রণয়নের কাজ চলছে।আজ রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশের গরিব দুস্থ মানুষের চিকিত্সা-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি চিকিত্সার ক্ষেত্রে চিকিত্সকদের ফি এবং প্যাথলজি পরীক্ষার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে।বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের অধিকাংশ উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায়, জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় এবং মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যাও বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির (২০১১-১৬) আওতায় এটি সম্পন্ন করার কাজ চলছে বলে জানান তিনি।জুনাইদ আহমেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী স্বাস্থ্য সেবা ও মেডিকেল শিক্ষার সম্প্রসারণের জন্য বেশকিছু মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হবে।